ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ৩ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভারতের সহকারী হাইকমিশনারের সিএসই পরিদর্শন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ২০ এপ্রিল ২০২৬  
ভারতের সহকারী হাইকমিশনারের সিএসই পরিদর্শন

বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছেন ভারতে নিযুক্ত সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন।

রবিবার (১৯ এপ্রিল) চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন।

আরো পড়ুন:

সিএসই প্রাঙ্গণে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান এ কে এম  হাবিবুর রহমান, পর্ষদ পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরী ও নাজনীন সুলতানা।

এছাড়া ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার (২০ এপ্রিল) সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনুষ্ঠানে সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে একটি কৌশলগত পরিকল্পনা তুলে ধরেন। এতে ভারতের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারের বহুমুখীকরণ, পণ্যভিত্তিক ডেরিভেটিভস বাজার গঠন এবং নতুন অ্যাসেট ক্লাস সম্প্রসারণের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। তিনি সিএসইকে একটি মাল্টি অ্যাসেট ক্লাস এক্সচেঞ্জ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে ভারতীয় বিনিয়োগকারী ও ব্রোকারদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।

প্রতিক্রিয়ায় ডা. রাজীব রঞ্জন বলেন, “ভারতের পুঁজিবাজারের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে দেশটি আগ্রহী। যৌথ কারিগরি সেশন, বিশেষায়িত কর্মশালা এবং নলেজ ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের আর্থিক বাজার আরো শক্তিশালী করা সম্ভব।”

তিনি আরো জানান, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিএক্স) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার (এসইবিআই) সফল অভিজ্ঞতা সিএসইর জন্য কার্যকর মডেল হতে পারে। বিশেষ করে কমোডিটি ডেরিভেটিভস খাতে ভারতের দক্ষতা বাংলাদেশের জন্য মূল্য নির্ধারণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ভারত বাংলাদেশকে শুধু প্রতিবেশী নয় বরং একটি উন্নয়ন অংশীদার হিসেবে দেখে।”

দুই দেশ ভবিষ্যতেও একসঙ্গে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের শেষে সিএসই চেয়ারম্যান অতিথিকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা/এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়