ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২১ ১৪৩৩ || ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বিএসইসির নতুন চেয়ারম্যান ও ৩ কমিশনারের যোগদান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪১, ৪ জুন ২০২৬  
বিএসইসির নতুন চেয়ারম্যান ও ৩ কমিশনারের যোগদান

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান।

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান মাসুদ খান এবং তিন কমিশনার নাহিদ মাহতাব, তানভীর হাবিব রহমান, মো. নাফিজ আল তারিক আনুষ্ঠানিকভাবে যোগদান  করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) বিকালে তারা রাজধানীর আগারগাঁও বিএসইসি তে যোগদান করেন।

বিএইসির চেয়ারম্যান ও কমিশনারদের যোগদানের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পুঁজিবাজার-১ শাখার উপ সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী চার বছরের জন্য তাঁদের স্ব-স্ব পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের শর্ত হিসেবে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান সকল কর্ম-সম্পর্ক তাঁদের পরিত্যাগ করতে হবে। 

নতুন চেয়ারম্যান মাসুদ খান বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও।

বৃস্পতিবার (৪ জুন) সকালে বিএসইসির সদ্য বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও সংস্থাটির চার কমিশনার পদত্যাগ করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তাঁরা পদত্যাগ করেছেন বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে। বিএসইসির যে চার কমিশনার পদত্যাগ করেছেন তাঁরা হলেন—মো. মহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফউদ্দিন।

বিএসইসিতে নিয়োগ পাওয়া কমিশনার নাফিজ আল তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক, নাহিদ মাহতাব সুপ্রিম কোর্টের আইনজীবী ও তানভীর হাবিব রহমান আশা ইন্টারন্যাশনালের পরিচালক।

ঢাকা/নাজমুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়