ঢাকা     রোববার   ১৭ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৩ ১৪৩৩ || ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নবাগতদের সিট বরাদ্দে বিলম্ব, দ্রুত ব্যবস্থা চেয়ে ছাত্রদলের স্মারক

ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৬ এপ্রিল ২০২৬  
নবাগতদের সিট বরাদ্দে বিলম্ব, দ্রুত ব্যবস্থা চেয়ে ছাত্রদলের স্মারক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের জন্য অবিলম্বে আবাসিক সিট বরাদ্দের দাবি জানিয়েছে হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদল। বুধবার (১৫ এপ্রিল) হল প্রাধ্যক্ষের কাছে দেওয়া এক স্মারকলিপিতে তারা এই দাবি তুলে ধরে।

স্মারকলিপিতে বলা হয়, ১২ এপ্রিল থেকে নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হলেও প্রতি বছর আবাসিক সিট বরাদ্দে অযৌক্তিক বিলম্ব একটি নিয়মিত সমস্যায় পরিণত হয়েছে। এই বিলম্বের কারণেই অতীতে ‘গণরুম’ ও ‘গেস্টরুম’ সংস্কৃতি গড়ে উঠেছে, যা শিক্ষার্থীদের মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে সাংঘর্ষিক।

আরো পড়ুন:

ছাত্রদলের নেতারা বলেন, “সিট বরাদ্দে দীর্ঘসূত্রতা নবাগতদের একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটায়। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীরা এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। অনেককে বাধ্য হয়ে অনিরাপদ পরিবেশে বা বাড়তি খরচে হলের বাইরে থাকতে হয়, যা শিক্ষাজীবনের শুরুতেই বৈষম্য তৈরি করে।”

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, আবাসন কোনো দয়া নয়, এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, যা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।

ছাত্রদলের পক্ষ থেকে দুই দফা দাবি জানানো হয়েছে—নবাগতদের জন্য দ্রুত সিট বরাদ্দ নিশ্চিত করা এবং বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমতা বজায় রাখা।

দাবি দ্রুত বাস্তবায়ন না হলে শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে স্মারকলিপিতে।

ঢাকা/সৌরভ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়