পানি সংকটে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রে কমেছে উৎপাদন
রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির স্তর কমে গেছে। ফলে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন তলানিতে ঠেকেছে। বর্তমানে কেন্দ্রের পাঁচটির মধ্যে শুধুমাত্র একটি ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট।
বুধবার (২২ এপ্রিল) বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, “শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদের পানির স্তর দিন দিন কমতে থাকে। পানির ওপর নির্ভরশীল এই কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে বুধবার সকাল ৯টা পর্যন্ত শুধুমাত্র ২ নম্বর ইউনিট দিয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।”
তিনি বলেন, “বর্তমানে রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদে ৮৩.৮০ এমএসএল (মিনস সি লেভেল) পানি থাকার কথা থাকলেও আজ সকাল ৯টা পর্যন্ত পানির লেভেল ছিল ৭৭. ৪৭ এমএসএল।”
নাম প্রকাশে অনিচ্ছুক কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বিগত সপ্তাহগুলোতে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দুইটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। কাপ্তাই হ্রদের পানির লেভেল দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার থেকে শুধুমাত্র একটি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।
ঢাকা/শংকর/মাসুদ