চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল ও ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল। মিছিলটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল হয়ে ২ নম্বর গেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অন্যদিকে, রাত সাড়ে ১০টার দিকে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবির। মিছিলটি সোহরাওয়ার্দী মোড়, আলাওল হল, নিরাপত্তা দপ্তর ও সোহরাওয়ার্দী হল মোড় প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে ফিরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, “চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর শিবিরের পক্ষ থেকে হামলা চালানো হয়েছে। চবিসহ দেশের সব ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা উচিত।” দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন তিনি এবং এমন রাজনীতি প্রতিহত করার ঘোষণা দেন।
অন্যদিকে, বিক্ষোভ শেষে চবি শাখা ছাত্রশিবির সভাপতি ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি অভিযোগ করেন, “চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মিছিলে আবারও হামলার ঘটনা ঘটেছে।” বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লোক এনে এই হামলা চালানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরো বলেন, “দেশের মানুষ বর্তমান নেতৃত্বের কাছে ইতিবাচক পরিবর্তন প্রত্যাশা করে, কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও চাঁদাবাজি চায় না।”
পাশাপাশি রাজনৈতিক বক্তব্যে ‘গুপ্ত’ শব্দ ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ”আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের এভাবে আখ্যায়িত করা ঠিক নয়।”
ঢাকা/মিজানুর/জান্নাত