নিহত ছেলের লাশ চুরির ভয়ে কবর পাহারায় বাবা
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সন্তানের কবরের পাশে বসে আছেন জসিম খান
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে মারা যাওয়া যুবক আরাফাত খানের কবর দাফনের পর থেকেই প্রতিরাতে পাহারা দিচ্ছেন তার বাবা। কবরের নিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। শুধু তাই নয়, ঋণ করে লোক রেখেও কবর পাহারার ব্যবস্থা করেছেন এই ব্যক্তি।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কামারখাড়া সামাজিক কবরস্থানে গিয়ে দেখা যায়, সন্তানের কবরের পাশে বসে আছেন জসিম খান। লাশ চুরির আশঙ্কায় তিনি রাতভর কবর পাহারা দেন।
জসিম খান বলেন, “আমার ছেলে দর্জির কাজ করে সংসার চালাত। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। শুনেছি, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তিদের লাশ চুরির ঘটনা ঘটে। সেই ভয় থেকেই ছেলের কবর পাহারা দিচ্ছি।”
তিনি বলেন, “আমি অসুস্থ মানুষ, সবসময় থাকতে পারি না। ঋণ করে লোক রেখে কবর পাহারা দিতে হচ্ছে। সংসার চালানোই কষ্টকর, তবুও ছেলের কবর রক্ষায় প্রতিদিন খরচ করতে হচ্ছে। প্রশাসনের সহযোগিতা পেলে কিছুটা স্বস্তি পেতাম।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার জানান, নিহতের দাফন-কাফনের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। কবর পাহারার জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশ নিয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো সহায়তা প্রদান করা হবে।”
গত বৃহস্পতিবার টঙ্গীবাড়ী উপজেলায় বজ্রপাতে আরাফাত খান মারা যান।
ঢাকা/রতন/মাসুদ