সাভারে খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা চাল জব্দ, আটক ৩
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জব্দ করা চাল বহনকারী ট্রাক।
ঢাকার সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে সাভারের পাকিজার মোড় এলাকায় পুলিশ তল্লাশি জন্য একটি ট্রাককে সিগনাল দেয়। তল্লাশি চালানো সময় ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লিখা রয়েছে দেখে পুলিশ চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। ট্রাকের চালকসহ তিনজন চালের চালান এবং বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। পরে পুলিশ ট্রাক ও চাল জব্দ করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিয়ামত বলেন, “৩৬১ বস্তা খাদ্য অধিদপ্তরের চাল জব্দ করা হয়েছে। চাল বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়। ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করেছি। চালের চালান বা নিয়ে আসার কোনো পাস তাদের কাছে ছিল না। তারা অবৈধভাবে চাল নিয়ে ফরিদপুরের ভাঙা এলাকায় যাচ্ছিল।এ ঘটনার সঙ্গে কারা জড়িত রয়েছে, তা তদন্ত করা হচ্ছে।”
ঢাকা/সাব্বির/মাসুদ