ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

৪ পুলিশ কর্মকর্তাকে বদলি, ২ জেলায় নতুন এসপি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২২ এপ্রিল ২০২৬  
৪ পুলিশ কর্মকর্তাকে বদলি, ২ জেলায় নতুন এসপি

বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করেছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই বদলি অবিলম্বে কার্যকর হবে এবং এটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করা ড. এস এম ফরহাদ হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে।

অন্যদিকে, রংপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বে থাকা মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হককে রংপুর জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, এ সংক্রান্ত আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়।

ঢাকা/নঈমুদ্দীন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়