চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জ শহরে দূরপাল্লার বাসের কাউন্টার বন্ধ দেখা যায়।
রাজশাহী ও নাটোর জেলা বাস মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের জেরে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকাসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এই অচলাবস্থা তৈরি হওয়ায় যাত্রীরা বিপাকে পড়েছেন। বিশেষ করে যাদের জরুরি প্রয়োজনে রাজধানীমুখী হওয়া প্রয়োজন ছিল, তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
পরিবহন সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, মূলত রাজশাহী ও নাটোর জেলা বাস মালিক সমিতির মধ্যে যাত্রী উঠানো-নামানো সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ ও দ্বন্দ্বের জেরে ধর্মঘটের সূত্রপাত হয়। রাজশাহীতে বাস চলাচল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই এর সরাসরি প্রভাব পড়ে পার্শ্ববর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সকাল থেকে শহরের কোনো কাউন্টার থেকে ঢাকাগামী দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, হঠাৎ ধর্মঘটের খবর শুনে কাউন্টারে এসে মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। বাসের বিকল্প হিসেবে অনেকে ট্রেনের দিকে ঝুঁকছেন, কিন্তু সেখানেও টিকিটের জন্য হাহাকার দেখা গেছে। এই সুযোগে কিছু ছোট যানবাহন যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে বলেও অভিযোগ উঠেছে।
সাধারণ যাত্রীদের দাবি, মালিকদের ব্যক্তিগত বা সাংগঠনিক কোন্দলের দায় কেন সাধারণ মানুষকে নিতে হবে? তারা অবিলম্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং জনভোগান্তি লাঘব হয়।
টার্মিনালে বাসের জন্য অপেক্ষমাণ ভুক্তভোগী যাত্রী আসাদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘আমার ছোট ভাইয়ের চিকিৎসার জন্য আজই ঢাকা যাওয়া খুব জরুরি ছিল। ট্রেনের টিকিটের চেষ্টা করেছি কিন্তু পাইনি। এখন বাসও বন্ধ। মালিকদের নিজেদের ঝগড়ার জন্য আমাদের কেন এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে? আমরা সাধারণ মানুষ সবসময় তাদের কাছে জিম্মি হয়ে থাকি।’’
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর ইসলাম জানান, রাজশাহী ও নাটোর জেলা বাস মালিকদের মধ্যে চলা দ্বন্দ্বের প্রভাবে মূলত চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এটি যেহেতু দুই জেলার অভ্যন্তরীণ সাংগঠনিক সমস্যা, তাই সমাধান না হওয়া পর্যন্ত মালিকরা নিরাপত্তার খাতিরে গাড়ি বের করছেন না। তিনি আরো জানান, এখন পর্যন্ত দুই পক্ষের মধ্যে আলোচনা হয়নি। ফলে এই সংকট ঠিক কত দিন স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না।
চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাস মাস্টার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শরিফ হোসেন বলেন, ওই দুই জেলার দ্বন্দ্বের জেরে মঙ্গলবার অন্তত ২০০ গাড়ির যাত্রা বাতিল করা হয়েছে। আজও বুধবার কোনো গাড়ি ছেড়ে যায়নি।
ঢাকা/শিয়াম/বকুল