‘প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে পাটের ব্যাগ ও পোশাক’
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন
আগামী জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাটের তৈরি স্কুল ব্যাগ ও ইউনিফর্ম বিতরণ শুরু করবে সরকার। প্রাথমিক পর্যায়ে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে এই কর্মসূচি চালু করা হবে।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
তিনি বলেন, “প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে নির্বাচিত বিদ্যালয়গুলোর প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ব্যাগ ও পোশাক বিতরণ শুরু হবে।”
মাহদী আমিন জানান, এই উদ্যোগের মাধ্যমে দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা নিশ্চিত করা লক্ষ্য। পর্যায়ক্রমে সারাদেশের সব শিক্ষার্থীর কাছে একই ধরনের পোশাক ও ব্যাগ পৌঁছে দেওয়া হবে।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “এটি একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে। কোন কোন বিদ্যালয়ে এই সুবিধা দেওয়া হবে, তা স্থানীয় প্রশাসন নির্ধারণ করবে।”
তিনি জানান, সরকারের পরিকল্পনা অনুযায়ী, ছেলে ও মেয়েদের জন্য আলাদা ডিজাইনের পোশাক ও ব্যাগ থাকবে, যাতে সহজেই শিক্ষার্থীদের চিহ্নিত করা যায়।
ঢাকা/এএএম/ইভা