ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইবিতে শিবিরের মিছিল

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৯, ২২ এপ্রিল ২০২৬  
শিক্ষাঙ্গনে সন্ত্রাস ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইবিতে শিবিরের মিছিল

শিক্ষাঙ্গনসহ সারাদেশে ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড ও বাকস্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। একই সঙ্গে জ্বালানি ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং সিন্ডিকেটের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির বিরুদ্ধেও বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। এতে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলীর নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, অফিস সম্পাদক আসিবুর রহমানসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

আরো পড়ুন:

মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যার মধ্যে ছিল ‘সিটি কলেজে হামলা কেন, প্রশাসন জবাব দে’, ‘আমার ভাই আহত কেন, তারেক জিয়া জবাব দে’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও’, ‘শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না’ ইত্যাদি।

সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, “৫ আগস্টের পর একটি দল দেশজুড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।”

তিনি অভিযোগ করেন, “বিভিন্ন ঘটনায় বহু মানুষ হতাহত হলেও সেসবের সুষ্ঠু বিচার বা অপরাধীদের গ্রেপ্তারের নজির দেখা যাচ্ছে না।”

তিনি আরো বলেন, “ঢাকার তেজগাঁও কলেজে অভ্যন্তরীণ কোন্দলের জেরে এক সাধারণ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা এবং সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম সিটি কলেজে সংঘটিত হামলার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।” ওই হামলায় দেশীয় অস্ত্র ব্যবহার করে শিবিরের কর্মীদের ওপর আঘাত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ইউসুফ আলী বলেন, “এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা সতর্ক করে দিতে চান,  সহিংসতা বন্ধ না হলে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।”

ঢাকা/তানিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়