রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত, প্রতিবাদে বিক্ষোভ
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসান ও আজাহারুল ইসলামের ওপর হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি পালিত হয়। এতে রাকসু নেতারা শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। তাদের অভিযোগ, এমন হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়।
কর্মসূচিতে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যার মধ্যে ছিল ‘আমার ভাইকে মারলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘শিক্ষা-সন্ত্রাস একসাথে চলে না’, ‘বিচার চাই, সন্ত্রাসীদের বিচার চাই’ ইত্যাদি।
মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী হাসান বলেন, “চারুকলা এলাকার একটি স্থানে বহিরাগত কিছু ব্যক্তি প্রায়ই দর্শনার্থীদের হয়রানি করে। আগের দিন বিকেলে তাদের এক সহপাঠী সেখানে গেলে তাকে আটকে টাকা দাবি করা হয় এবং প্রতিবাদ করলে হুমকি দেওয়া হয়।”
তিনি আরো বলেন, “পরে রাতে প্যারিস রোড এলাকায় বসে থাকার সময় ছাত্রদল নেতা হাসিব এসে অতর্কিত হামলা চালান।” এ ঘটনায় তার সঙ্গে অন্য কোনো ছাত্রদল সদস্য উপস্থিত ছিলেন না বলেও তিনি দাবি করেন।
একই বিভাগের শিক্ষার্থী সজিবুর রহমান বলেন, “দোষীদের শাস্তি নিশ্চিত করতেই তারা এ কর্মসূচি পালন করছেন। এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে ভীতি তৈরি হয়েছে এবং ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষার্থী হামলার শিকার না হয়, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।”
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যই লজ্জাজনক।” কোনো ছাত্রসংগঠনের নাম ভাঙিয়ে ক্যাম্পাসে সহিংসতা হলে এবং তার বিচার না হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো বলেন, “সংশ্লিষ্ট ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।” এসব ঘটনার সুষ্ঠু বিচার না হলে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে প্যারিস রোড এলাকায় হাসান ও আজাহারুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা হাসিব বহিরাগতদের নিয়ে এ হামলা চালান। এর প্রতিবাদেই আজকের কর্মসূচিতে বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
ঢাকা/ফাহিম/জান্নাত