লালদিঘীতে জব্বারের বলীখেলা ২৫ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
জব্বারের বলীখেলা আয়োজনের বিস্তারিত তুল ধরতে সংবাদ সম্মেলনে কথা বলেন ট্টগ্রামের সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা। এ উপলক্ষে তিন দিনব্যাপী বৈশাখী মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে সিটি করপোরেশনের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বলী খেলার বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, “১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে আবদুল জব্বার সওদাগর এই বলীখেলার সূচনা করেন। সময়ের ধারাবাহিকতায় এটি এখন চট্টগ্রামের অন্যতম প্রধান লোকজ উৎসবে পরিণত হয়েছে।”
তিনি জানান, এই ঐতিহ্যকে সামনে রেখে লালদিঘী এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং জব্বারের মোড় নামকরণের দাবিও বিবেচনায় নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বলীখেলার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সিটি মেয়র। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।
জব্বারের বলীখেলাকে ঘিরে ২৪ এপ্রিল থেকে বৈশাখী মেলা শুরু হবে এবং ২৬ এপ্রিল ভোরের মধ্যে শেষ হবে। এসএসসি পরীক্ষার বিষয়টি বিবেচনায় রেখে এবারের মেলার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।
নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন নজরদারি, সোয়াট ও বোম্ব নিষ্ক্রিয়করণ ইউনিট মোতায়েন থাকবে। পাশাপাশি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই ঐতিহ্যবাহী আয়োজনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আবদুল জব্বার সওদাগরের স্বীকৃতি এবং বলীখেলা কেন্দ্রিক একটি একাডেমি প্রতিষ্ঠার দাবিও তুলে ধরা হয়েছে।
ঢাকা/রেজাউল/মাসুদ