মাদারীপুরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, হাতবোমা-ককটেল বিস্ফোরণ
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুর শহরের চরমুগরিয়া নয়াচর এলাকায় মঙ্গলবার রাতে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, সংঘর্ষ চলাকালে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শহরের চরমুগরিয়া নয়াচর এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
স্থানীয়রা জানান, চরমুগরিয়া নয়াচর এলাকার ফারুক বেপারী (ফারুক মেম্বার) ও পান্নু মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে মঙ্গলবার রাতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তারা পাল্টাপাল্টি ধাওয়া ও হামলা চালায়। সংঘর্ষ চলাকালে হাতবোমা ও ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ফলে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। পাশাপাশি সড়ক অবরোধ করা হলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে ফারুক মেম্বার অভিযোগ করে বলেন, “পান্নু মোল্লার লোকজন আগে আমাদের ওপর হামলা চালায়। আমরা প্রতিবাদ করলে তারা আরো লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ আমাদের ওপর আক্রমণ করে। আমাদের লোকজন আহত হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই।”
পান্নু মোল্লা বলেন, “ফারুক পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করতে গিয়ে আমাদের লোকজনকে নানাভাবে নির্যাতন করছে। আমরা ভয়ে এতদিন কিছু বলিনি। তারা আবারো হামলা চালিয়েছে। আমরা বিচার চাই।”
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো কাউকে আটক করা হয়নি।”
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, “দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে আছে। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
ঢাকা/বেলাল/মাসুদ