কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সড়ক দুর্ঘটনায় নিহত দুই মাছ ব্যবসায়ী
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝামাঝি দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মৃত কালাম মিয়ার ছেলে মো. মোমেন (৩৮) ও চন্ডিবের এলাকার দুলাল মিয়ার ছেলে মো. আবদুল্লাহ (৪০)। আহত নিপু (৩৬) ভৈরবপুর এলাকার সেলিম মিয়া ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, তিন মাছ ব্যবসায়ী বিকেলের দিকে একটি মোটরসাইকেলে ভৈরব থেকে আশুগঞ্জ যাচ্ছিলেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর মাঝখানে পৌঁছলে পেছন থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। আরোহী তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যার দিকে মোমেন ও আবদুল্লাহ মারা যান। আহত নিপু বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শারমিন বলেন, “দুর্ঘটনায় আহত তিনজনের অবস্থা গুরুতর ছিল। তাদের মধ্যে মোমেন ও আবদুল্লাহর মাথায় আঘাত ছিল এবং নিপুর নাকে বড় আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য আমরা তিনজনকেই ঢাকায় রেফার্ড করেছিলাম।”
ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালক পারভেজকে আটক করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মোমেন ও আবদুল্লাহ মারা যান। আহত নিপু হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঢাকা/রুমন/মাসুদ