ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাবিতে ফের অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, পুলিশের চেষ্টায় নিষ্ক্রিয়

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৭, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:২৯, ২২ এপ্রিল ২০২৬
রাবিতে ফের অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার, পুলিশের চেষ্টায় নিষ্ক্রিয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জিমনেশিয়াম সংলগ্ন এলাকায় সংস্কার কাজের সময় মুক্তিযুদ্ধকালীন একটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে মাটি খননের সময় শ্রমিকরা বস্তুটি দেখতে পান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে সেটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জিমনেশিয়ামের পাশে মাটি কাটার সময় শ্রমিকদের কোদালের আঘাতে একটি ধাতব বস্তু বেরিয়ে আসে। পরে সেটিকে মর্টারশেল হিসেবে শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। পরে দুপুর আড়াইটার দিকে মর্টারশেলটি বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পেছনের একটি ফাঁকা মাঠে নেওয়া হয় এবং সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেটি নিষ্ক্রিয় করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মর্টারশেলটি অনেক পুরনো। ধারণা করা হচ্ছে, এটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়কার। এর আগেও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় সংস্কার বা খননকালে এ ধরনের পুরনো মর্টারশেল উদ্ধার হয়েছে।

রাজশাহী মতিহার জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মুহিবুল ইসলাম বলেন, “জননিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে মর্টারশেলটি উদ্ধার ও নিষ্ক্রিয় করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাস্থলকে নিরাপদ ঘোষণা করা হয়েছে।”

ঢাকা/ফাহিম/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়