ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জরিমানার খড়গে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪৭, ২২ এপ্রিল ২০২৬
জরিমানার খড়গে বাংলাদেশ

স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে জরিমানা করা হয়েছে। সোমবার ঢাকায় নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ধীরগতির ওভার রেটের কারণে বাংলাদেশকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। 

এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এই শাস্তি দেন। নির্ধারিত লক্ষ্যের তুলনায় ২ ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশকে এই জরিমানা করা হয়েছে।  

আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে দল যত ওভার কম বল করবে, প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-এর ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার পিছিয়ে থাকায় ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। 

বাংলাদেশের অধিনায়ক মেহেদী অপরাধ স্বীকার করে এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল অভিযোগটি আনেন।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচেও বাংলাদেশ বোলিং ইনিংস শেষ করতে বাড়তি ৪৫ মিনিট নিয়েছিল। সাড়ে তিন ঘণ্টায় নিউ জিল্যান্ডের ইনিংস শেষ হওয়ার কথা। কিন্তু গরমের জন্য একটি বাড়তি ড্রিংকস ব্রেক, চারটি রিভিউ এবং একটি ইনজুরির ব্রেকও ছিল বাংলাদেশের ইনিংসে।  

তারপরও বাংলাদেশের বোলিং ইনিংসে ধীর গতি ছিল। তিন পেসার শরিফুল, তাসকিন ও নাহিদ সময় নিয়ে বোলিং করেছেন।  দ্বিতীয় ওয়ানডেতেও তপ্ত গরমে পেসাররা সময় নিয়ে বোলিং করেছিলেন। এতে জরিমানার মুখোমুখি হতে হলো পুরো দলকে।

তিন ম্যাচ সিরিজে ১-১ এ সমতা। আগামীকাল চট্টগ্রামে হবে সিরিজের ফয়সালা।

ঢাকা/ইয়াসিন

সর্বশেষ

পাঠকপ্রিয়