ঢাকা     বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১০ ১৪৩৩ || ৫ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভিক্ষুককে বিবস্ত্র করে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২৩ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:২৮, ২৩ এপ্রিল ২০২৬
ভিক্ষুককে বিবস্ত্র করে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের অভিযোগ 

লক্ষ্মীপুরে ভিক্ষাবৃত্তির প্রায় ৫ লাখ টাকা চাইতে গেলে ইয়াসিন নূর রিপনি নামে এক নারী ভিক্ষুককে মারধর করা হয়েছে। পাশাপাশি উলঙ্গ করে তার শরীরে মরিচের গুড়া দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাবি খাদিজা বেগম ও সুরভী বেগমের বিরুদ্ধে। 

বুধবার (২২ এপ্রিল) সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডর নাসিরখাজা মাঝির বাড়িতে ঘটনাটি ঘটে। দুপুরে স্থানীয়দের সহযোগীতায় ভুক্তভোগী সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, রিপনির স্বামী নেই। এক ছেলে রয়েছে, সে মহিষ চড়াতে মেঘনার চরেই থাকে। রিপনি ভিক্ষাবৃত্তি করেই চলেন। ভিক্ষা করে তিনি যা আয় করতেন সবই  ভাইয়ের স্ত্রী খাদিজা ও সুরভি নিয়ে যেতেন। সম্প্রতি টাকা নিয়ে রিপনির সঙ্গে তাদের বিরোধ হয়। রিপনি তার প্রায় ৫ লাখ টাকা ফেরত চান। 

টাকার ফেরত চাওয়ার জেরেই রিপনিকে মারধর করেন খাদিজা ও সুরভী। একপর্যায়ে তার শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেন তারা। রিপনিকে মারধরের সময় বাধা দিলে তার ভাই শুক্কুর আলীও মারধরের শিকার হন।   

স্থানীয় বাসিন্দা সালাহ উদ্দিন মাঝি, মো. সুমন ও সজিব হোসেন জানান, রিপনি অসহায় একজন নারী। তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তার ভাবিরা তাকে নির্যাতন করেছে। রিপনি এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগী রিপনি বলেন, “অনেক বছর ধরে আমি ভিক্ষা করি। আমার সব টাক খাদিজা আর সুরভি নিয়ে যেতো। তারা আমার টাকা দিচ্ছে না। ওই টাকা চাইতে গেলে তারা আমাকে মেরে শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়।” 

অভিযুক্ত সুরভির স্বামী শুক্কুর আলী বলেন, “রিপনিকে মারধরের সময় আমি বাধা দিতে যায়। এসময় খাদিজা ও সুরভী আমার চোখেও মরিচের গুড়া দেয়। একপর্যায়ে আমাকে মারধর করতে তেড়ে আসে। চোখে মরিচের গুঁড়ার কারণে আমি কিছুক্ষণের জন্য অন্ধের মতো হয়ে পড়েছিলাম।”

অভিযুক্ত খাদিজা বেগমের স্বামী ইসমাইল মাঝি বলেন, “আমার বোন রিপনি প্রায়ই ঝগড়া করে, তাই মারামারি হয়েছে। এসময় তার শরীরে মরিচের গুঁড়া দেওয়া হয়েছে। এটা ঠিক হয়নি।”

রিপনির মা মাহমুদা বেগম বলেন, “আমার মেয়ে মানসিকভাবে অসুস্থ। মাঝে মাঝে গালাগালি করে। তাই হয়তো মারধর করেছে। কিন্তু মরিচের গুঁড়া দেওয়া ঠিক হয়নি।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়