৫৫ রানের জয়ে সিরিজ বাংলাদেশের
ছবি: রেজাউল করিম
::সংক্ষিপ্ত স্কোর::
বাংলাদেশ: ২৬৫/৮ (৫০ ওভারে)
নিউ জিলান্ড: ২১০/১০ (৪৪.৫ ওভারে)
ফল: বাংলাদেশ ৫৫ রানে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা: নাজমুল হোসেন শান্ত
সিরিজ সেরা: নাহিদ রানা
তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউ জিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। টস হেরে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে শান্তর সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে। জবাব দিতে নেমে ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১০ রানে থামে নিউ জিল্যান্ড। ব্যাট হাতে ডিন ফক্সক্রফট ৭৫ ও নিক কেলি খেলেন ৫৯ রানের ইনিংস। বাকিদের কেউ ২৫ রানের বেশি করতে পারেনি।
বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৯ ওভারে ২ মেডেনসহ ৪৩ রানে ৫টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।
১০৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন নাজমুল হোসেন শান্ত। আর মোট ৮ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন নাহিদ রানা।
মিরাজের আঘাতে অলআউট নিউ জিল্যান্ড:
২১০ রানে শেষ হলো নিউ জিল্যান্ডের ইনিংস। মিরাজের বল উড়িয়ে মারতে গিয়ে সাইফ হাসানের হাতে ধরা পড়েন ফক্সক্রফট। ৭২ বলে ৭৫ রান করেন তিনি। আর মিরাজ পেলেন ২ উইকেট।
মোস্তাফিজের ষষ্ঠ ফাইফার
১৬০ রানের মাথায় নবম উইকেট হারাল নিউ জিল্যান্ড। মোস্তাফিজের বলে বোল্ড হয়েছেন উইলিয়াম ও’রুর্কে। ১ রানের বেশি করতে পারেননি তিনি। এই উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফাইফার তুলে নিলেন ফিজ।
মোস্তাফিজের চতুর্থ শিকার লিনক্স
মোস্তাফিজের চতুর্থ শিকারে পরিণত হলেন জেডেন লিনক্স। দলীয় ১৫৪ রানের মাথায় ফিচের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন লিনক্স। তিনিও ২ রানের বেশি করতে পারেননি।
মোস্তাফিজের তৃতীয় শিকার স্মিথ
১৫০ রানের মাথায় সপ্তম উইকেট হারাল নিউ জিল্যান্ড। এবার মোস্তাফিজের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন নাথান স্মিথ। ২ রানের বেশি করতে পারেননি তিনি।
নাহিদ ফেরালেন ক্লার্কসনকে, ষষ্ঠ উইকেট হারিয়ে বিপাকে নিউ জিল্যান্ড
১৩৭ রানের মাথায় ষষ্ঠ উইকেট হারাল নিউ জিল্যান্ড। নাহিদ রানার বলে বোল্ড হয়ে যান জশ ক্লার্কসন। ৬ রানের বেশি করতে পারেননি তিনি।
শরিফুল ফেরালেন আব্বাসকে
১২৭ রানের মাথায় পঞ্চম উইকেট হারাল নিউ জিল্যান্ড। শরিফুলের বলে পুল শট খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে লাগে। ১ চারে ২৫ রান করেন তিনি।
কেলিকে ফিরিয়ে স্বস্তি দিলেন মোস্তাফিজ
বাংলাদেশের বোলারদের অস্বস্তির কারণ ছিলেন কেলি। তবে তাকে ফিরিয়ে স্বস্তি দিলেন মোস্তাফিজ। দলীয় ১০৮ রানের মাথায় মোস্তাফিজের স্লোয়ার কাট করতে গিয়ে ক্যাচ তুলে দেন। সেটি কাভারে তালুবন্দি করেন তানজিদ। ৮০ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৫৯ রান করেন।
মিরাজের আঘাতের পর কেলির ফিফটি
৬১ রানের মাথায় আরও একটি উইকেট হারাল নিউ জিল্যান্ড। মিরাজের করা মিডল স্টাম্পের বল ল্যাথাম সুইপ করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাটের ওপরের কানায় লেগে শর্ট ফাইন লেগে গেলে শরিফুল সেটি লুফে নেন।
নিউ জিল্যান্ড শিবিরে মোস্তাফিজের আঘাত
চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই সাফল পেলে বাংলাদেশ। মোস্তাফিজের করা বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন হেনরি নিকোলস। ১০ বল খেলে ১ চারে ৪ রান করেন তিনি।
নিউ জিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
তৃতীয় ও শেষ ওয়ানডতে টস হেরে ব্যাট করতে নেমে নিউ জিল্যান্ডকে ২৬৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছে বাংলাদেশ। সেঞ্চুরি পেয়েছেন শান্ত। তিনি ১০৫ রান করেছেন। ৭৬ রান করেছেন লিটন। তাওহীদ আফ্রিদি ৩৩ ও মেহেদী হাসান মিরাজ করেন ২২ রান।
বল হাতে নিউ জিল্যান্ডের উইল ও’রুর্কে ৭ ওভারে ১ মেডেনসহ ৩২ রানে ৩টি উইকেট নেন। বেন লিস্টার ও জেডেন লিনক্স ২টি করে উইকেট নেন।
সেঞ্চুরি করে ফিরলেন শান্ত
সেঞ্চুরি করে বিদায় নিলেন শান্ত। ২২১ রানের মাথায় লিনক্সের করা ৪৩তম ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনের সামনে ধরা পড়েন শান্ত। ১১৯ বলে ৯টি চার ও ২ ছক্কায় ১০৫ রান করে আউট হন তিনি।
শান্তর সেঞ্চুরিতে ২০০ রান পেরিয়ে বাংলাদেশ
লিনক্সের করা ৪১তম ওভারের শেষ বলে ১ রান নিয়ে নিজের ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১১৪ বলে ৯টি চার ও ২ ছক্কায় তিন অঙ্কের কোটা স্পর্শ করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৮ রান তুলেছে বাংলাদেশ।
১৬০ রানের জুটি গড়ে ফিরলেন লিটন
চতুর্থ উইকেটে ১৬০ রানের জুটি গড়ে ফিরলেন লিটন। দলীয় ১৯২ রানের মাথায় আউট হন লিটন। লিনক্সের করা ৩৯ ওভারের প্রথম বলে বোল্ড হন তিনি। ৯১ বলে ৩টি চার ও ১ ছক্কায় ৭৬ রানের ইনিংস খেলে যান।
শান্ত-লিটনের শতরানের জুটি
৩২ রানের মাথায় তৃতীয় উইকেট হারানোর পর শান্ত ও লিটন জুটি বাধেন। তাদের দুজনের জুটিতে ভর করে বাংলাদেশ ৩০ ওভারে ১৩৫ রান তুলেছে। লিটন ও শান্ত চতুর্থ উইকেট জুটিতে শতরান পেরিয়ে গেছে।
শান্তর ফিফটিতে শতরান পেরিয়ে বাংলাদেশ
ওয়ানডে ক্যারিয়ারের দ্বাদশ ফিফটি তুলে নিয়েছেন শান্ত। ৭০ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৫০ রান করেন তিনি। তার ফিফটিতে ভর করে ২৬ ওভারে ১০৭ রান তুলেছে বাংলাদেশ। লিটন ৩২ রানে অপরাজিত আছেন শান্তর সঙ্গে।
লিটন-শান্তর প্রতিরোধ:
৩২ রানেই ৩ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়েছেন লিটন ও শান্ত। চতুর্থ উইকেটে ইতোমধ্যে তারা দলীয় সংগ্রহে ৫২ রান যুক্ত করেছেন। তাতে ২০ ওভার শেষে বাংলাদেশের রান বেড়ে হয়েছে ৩ উেইকেটে ৮৪। শান্ত ৩৭ ও লিটন ২৩ রানে ব্যাট করছেন।
৩২ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের:
দলীয় ৩২ রানের মাথায় তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। এবার সেই ও’রুর্কের বলেই বোল্ড হলেন সৌম্য সরকার। ৩ চারে ১৮ রান করেন তিনি। ও’রুর্কের গতিতে কাঁপছে বাংলাদেশ।
১৩ বলেই ২ উইকেট নেই বাংলাদেশের:
নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নেমে ১৩ বলেই ২ উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। দ্বিতীয় বলে সাইফ আউট হওয়ার পর ১৩তম বলে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম। ৫ বল খেলে ১ রান করেন তিনি। তার উইকেটটিও নিয়েছেন ও’রুর্কে।
দ্বিতীয় বলেই উইকেট হারাল বাংলাদেশ:
চট্টগ্রামে নিউ জিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। দ্বিতীয় বলেই হারিয়েছে উইকেট। উইলিয়াম ও’রুর্কের বলে উইকেটের পেছনে টম ল্যাথামের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন সাইফ হাসান (০)।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ:
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন আজকের ম্যাচে নেই। চোট কাটিয়ে দলে ফিরেছেন মোস্তাফিজুর রহমান এবং সুযোগ পেয়েছেন স্পিনার তানভীর ইসলামও।
প্রথম ওয়ানডেতে নিউ জিল্যান্ড ও দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয় পেয়েছে। আজ যারা জিতবে সিরিজও তাদের হবে।
বাংলাদেশ একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।
নিউ জিল্যান্ড একাদশ:
হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।
ঢাকা/আমিনুল