ভোটকেন্দ্রে দক্ষিণী সিনেমার একঝাঁক তারকা
ছবির কোলাজ
ভারত সরকার বেশ কটি রাজ্যে বিধানসভা নির্বাচনের আয়োজন করেছে। অন্যান্য রাজ্যের মতো বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তামিলনাড়ুতে ভোটগ্রহণ চলছে।
এ রাজ্যে মোট ভোটার সংখ্যা ৫ কোটি ৭৩ লাখের বেশি। মোট প্রার্থী ৪ হাজার ২৩ জন। রাজ্যটির ৩৩ হাজার ১৩৩টি স্থানে মোট ৭৫ হাজার ৬৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। সন্ধ্যা ৬টায় শেষ হবে ভোটগ্রহণ। সকাল থেকেই নাগরিকরা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়ান। শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়েছেন।
তামিল চলচ্চিত্র জগতের অনেক তারকা আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্র গিয়েছিলেন; যা ভক্ত ও গণমাধ্যমের জন্য দিনটিকে বিশেষ করে তোলে। দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত চেন্নাইয়ের স্টেলা ম্যারিস স্কুলে গিয়ে ভোট প্রদান করেন। সাদা টি-শার্ট পরিহিত অবস্থায় ক্যামেরাবন্দিও হন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন তার মেয়ে সৌন্দর্য। ভোট দেওয়ার পর আঙুলের কালি দেখিয়ে সবাইকে দায়িত্বশীলভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
এমএনএম প্রধান অভিনেতা কমল হাসান চেন্নাইয়ের একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রী শ্রুতি হাসান। ভোট দেওয়ার পর দুজনেই গর্বের সঙ্গে তাদের কালি লাগানো আঙুল ক্যামেরার সামনে প্রদর্শন করেন।
অভিনেতা অজিত কুমারও ছিলেন প্রথম দিকের ভোটদাতাদের অন্যতম। তিরুভানমিয়ুরের একটি ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এসময় তার পরনে ছিল সাদা রঙের পোশাক, চোখে কালো সানগ্লাস। ভোটকেন্দ্রে তার উপস্থিতি টের পেয়ে ভক্ত-অনুরাগীরা ভিড় জমান। ফলে প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।
তামিল সিনেমার সুপারস্টার ও টিভিকে দলের প্রধান থালাপাতি বিজয়। পূর্ব তিরুচিরাপল্লি ও পেরাম্বুর আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। চেন্নাইয়ের একটি ভোটকেন্দ্রে গিয়ে আলোচিত এই তারকা ভোট প্রদান করেন। তাকে দেখতেও ছুটে আসেন অসংখ্য মানুষ।
তাছাড়াও অনেক তারকা ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ তালিকায় রয়েছেন—পরিচালক অ্যাটলি কুমার, অভিনেতা ধানুশ, জিভা, আরজে বালাজি, জয় প্রমুখ।
*সিয়াসাত ডটকম অবলম্বনে
ঢাকা/শান্ত
বাস ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা