লালদিঘীতে বৈশাখী মেলা শুরু, জব্বারের বলীখেলা শনিবার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
জব্বারের বলীখেলা উপলক্ষে চট্টগ্রামে শুক্রবার শুরু হয়েছে দুই দিনের বৈশাখী মেলা।
চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী ময়দানে জব্বারের বলীখেলাকে কেন্দ্র করে দুই দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। শুক্রবার নগরীর আন্দরকিল্লা, কোতোয়ালি মোড়, জেল রোড ও কেসি দে রোডজুড়ে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে বলীখেলা। এবারের জব্বারের বলীখেলার ১১৭তম আসর।
সরেজমিনে দেখা যায়, প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে সাজানো হয়েছে নানা পণ্যের পসরা। মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, ফুলদানি, পুতুল, বেত ও বাঁশের তৈরি আসবাবসহ গৃহস্থালির প্রয়োজনীয় সামগ্রী বিক্রি হচ্ছে দোকানগুলোতে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা আগেই এসে দোকান প্রস্তুত করেছেন।
দোকানিরা জানান, আনুষ্ঠানিকভাবে মেলা দুইদিন হলেও তারা কয়েক দিন আগে থেকেই প্রস্তুতি নেন। বিক্রির আশায় দূর-দূরান্ত থেকে নানা পণ্য নিয়ে আসেন তারা। মেলায় আসা দর্শনার্থীদের মধ্যেও রয়েছে উৎসবের আমেজ। অনেকেই জানান, বছরের এই সময়টিতে একসঙ্গে এত বৈচিত্র্যময় পণ্য পাওয়ার সুযোগ থাকে বলে তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করেন।
ইতিহাস ঘেঁটে জানা যায়, ১৯০৯ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে যুব সমাজকে শারীরিকভাবে প্রস্তুত করতে আবদুল জব্বার সওদাগর লালদিঘী ময়দানে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সময়ের পরিক্রমায় সেটিই আজকের জব্বারের বলীখেলা হিসেবে পরিচিতি পেয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শতাধিক বলী অংশ নেবেন। প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার তুলে দেবেন সিটি করপোরেশনের মেয়র।
এসএসসি পরীক্ষা চলমান থাকায় মেলার সময়সূচিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। আগামী ২৬ এপ্রিল ভোরের মধ্যে মেলা শেষ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের।
নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো এলাকায় ওয়াচ টাওয়ার, সিসিটিভি নজরদারি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঢাকা/রেজাউল/মাসুদ
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫