ঢাকা     শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ১১ ১৪৩৩ || ৭ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মেসির প্রতিদ্বন্দ্বী হয়ে অরল্যান্ডোতে যোগ দিলেন গ্রিজম্যান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ২৪ এপ্রিল ২০২৬  
মেসির প্রতিদ্বন্দ্বী হয়ে অরল্যান্ডোতে যোগ দিলেন গ্রিজম্যান

মার্কিন ফুটবলে নতুন আলোড়ন তুলতে চলেছে অঁতোয়ান গ্রিজম্যানের আগমন। ফ্লোরিডাভিত্তিক ক্লাব অরল্যান্ডো সিটিতে তার যোগ দেওয়া ইতোমধ্যেই বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে এই চুক্তির পেছনে জনপ্রিয় ‘মেসি বনাম গ্রিজম্যান’ প্রতিদ্বন্দ্বিতার গল্প নয়, বরং দীর্ঘমেয়াদি কৌশলই মূল চালিকাশক্তি; এমনটাই জানিয়েছেন এমএলএস প্রতিযোগিতা বিভাগের পরিচালক আলফোনসো মন্ডেলো।

মন্ডেলোর ভাষায়, গ্রিজম্যান মার্চেই যুক্তরাষ্ট্রে আসতে চেয়েছিলেন, কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে কোপা ও চ্যাম্পিয়নস লিগ শেষ করতে সময় চাওয়ায় তার আগমন পিছিয়ে গ্রীষ্মে নেওয়া হয়। তিনি স্পষ্ট করেছেন, এই চুক্তির সঙ্গে লিওনেল মেসির ইন্টার মায়ামির বিরুদ্ধে কোনো ‘ডার্বি’ তৈরি করার উদ্দেশ্য নেই; বরং অনেকদিন ধরেই অরল্যান্ডো গ্রিজম্যানকে দলে টানতে চেয়েছিল এবং দুই পক্ষই এতে সন্তুষ্ট।

আরো পড়ুন:

এমএলএস এখন নিজেকে বিশ্বমঞ্চে আরও বড় করে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। প্রতি ম্যাচে গড়ে প্রায় ২২,০০০ দর্শক উপস্থিতি, প্রায় ৫০ জন খেলোয়াড়ের সম্ভাব্য বিশ্বকাপ অংশগ্রহণ এবং ২০২৭ সাল থেকে ইউরোপীয় ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে মৌসুম চালুর পরিকল্পনা; সব মিলিয়ে লিগটি দ্রুত এগোচ্ছে নতুন উচ্চতায়। উল্লেখ্য, ২০২৭-২৮ মৌসুম জুলাই থেকে জুন পর্যন্ত চলবে।

মেসি-পরবর্তী যুগের প্রস্তুতি নিয়েও ভাবছে লিগ কর্তৃপক্ষ। মন্ডেলোর মতে, মেসির মতো খেলোয়াড় খুঁজে পাওয়া কঠিন হলেও এই লিগ অতীতে ইয়োহান ক্রুইফ ও পেলের মতো কিংবদন্তিদের যুগ পার করেছে, তাই নতুন তারকাও উঠে আসবে। এমন বিশ্বাস তাদের রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক বিশ্বকাপার ও এমএলএস কিংবদন্তি মার্সেলো বালবোয়া জানিয়েছেন, সুযোগ পেলে তিনি ভবিষ্যতের দুই সুপারস্টার লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপেকে লিগে আনতে চাইতেন। তার মতে, এই দুই তারকারই ক্ষমতা আছে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের দৃষ্টি আরও বেশি আকর্ষণ করার।

ভবিষ্যৎ লক্ষ্য নিয়েও পরিষ্কার বার্তা দিয়েছেন মন্ডেলো। কয়েক বছরের মধ্যেই বিশ্বের শীর্ষ লিগগুলোর একটি হয়ে ওঠা। তবে তার আগে নিজেদের অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠা জরুরি। কনকাকাফ অঞ্চলে ‘বড় ভাই’ হিসেবে পরিচিত লিগা এমএক্স’এর সঙ্গে সমানতালে প্রতিযোগিতা করাই এখন এমএলএসের প্রধান লক্ষ্য।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়