দেশ পরিচালনায় স্বচ্ছতার প্রতিশ্রুতি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর
চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
২৪ এপ্রিল দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। সংসদে বিরোধী দলসহ বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে এবং সবকিছু স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করা হচ্ছে। এখানে লুকোচুরির কিছু নেই। দেশ সবার, শুধু বিএনপির নয়। জনগণ আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।”
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্যাংক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, “ব্যাংকিং খাতে আস্থার সংকট রয়েছে। প্রায় ২৩০ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে। ব্যাংকগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে, শেয়ারবাজারও ক্ষতিগ্রস্ত। এখন এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর দায়িত্ব আমাদের ওপর এসেছে। ব্যাংকগুলোতে তারল্য সংকট রয়েছে, ফলে জনগণের অর্থ সহজে বিতরণ করা যাচ্ছে না। এই অবস্থার উন্নতি করতে কিছুটা সময় প্রয়োজন। আমরা সে চেষ্টা করছি এবং বিএনপি সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে।”
মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্টরা।
ঢাকা/মিজানুর/জান্নাত
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫