বাগেরহাটে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের শরণখোলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হানিফ হাওলাদার (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে ওই বৃদ্ধের ওপর হামলা করা হয়। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিবেশী বাবুল হাওলাদারের সঙ্গে আব্দুল হানিফের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে আব্দুল হানিফ বিরোধপূর্ণ জমিতে গেলে বাবুল হাওলাদার এবং তার দুই ছেলে রাফি ও রাজ্জাক তাকে মারধর ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। আহত অবস্থায় হানিফ নিজেই সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নওশিন জানিয়েছেন, হাড়সহ হাতের কব্জি কাটা অবস্থায় হানিফ নিজেই সকাল ৯টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। দ্রুত তার রক্তক্ষরণ বন্ধ করে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে। আহত ব্যক্তির সঙ্গে কেউ হাসপাতালে আসেননি। তাকে দ্রুত খুলনা মেডিকেলে না নেওয়ায় সকাল ১০টার দিকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হানিফ মারা যান। অনেকগুলো শিরা কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক জানিয়েছেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে হানিফের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/আমিনুল/রফিক
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫