ভিডিও ধারণ নিয়ে সমালোচনা: মিম কী বললেন?
বিদ্যা সিনহা মিম
চিত্রনায়ক সিয়াম আহমেদের স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর ভিডিও ধারণকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। একটি ভিডিওতে শাম্মা রুশাফি অবন্তী অনুরোধ করেন—টপ অ্যাঙ্গেল থেকে যেন তার ভিডিও ধারণ না করা হয়। অনুরোধ উপেক্ষা করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
অবন্তীর এসব কথা যে ভিডিওতে বলেছেন, তা এখন অন্তর্জালে ভাইরাল। বিষয়টি অন্য সাধারণের মতো শোবিজ অঙ্গনের তারকাদেরও চোখ এড়ায়নি। এর আগে ভিডিওটি শেয়ার করে তার পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা পরীমণি। এ নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন লাক্স তারকা অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
বিদ্যা সিনহা মিম
‘আমার আছে জল’খ্যাত অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেন, “যারা প্রকৃত অর্থে পেশাদার সাংবাদিক, তারা কখনোই এ ধরনের কাজ করেন না। যারা এসব করেন, তারা মূলত কনটেন্ট ক্রিয়েটর। তারা বিভিন্ন পেজ পরিচালনা করেন, ভিউ পাওয়াই তাদের কাছে মুখ্য। এ কারণেই তারা এমন কাজ করে থাকেন। আমি বিশ্বাস করি, সত্যিকারের সাংবাদিকরা কখনো এমন আচরণ করেন না।”
দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ার বিদ্যা সিনহা মিমের। ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতার আলোকে এই অভিনেত্রী বলেন, “এত বছরের অভিজ্ঞতায় সাংবাদিকদের কাছে থেকে আমি কখনো এমন কিছু দেখিনি। তবে যখন কোনো অনুষ্ঠান হয়, তখন বাইরের কিছু লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সেখানে উপস্থিত থাকে। মূলত সেখান থেকেই ঝামেলার সৃষ্টি হয়।”
বিদ্যা সিনহা মিম
সহকর্মী হিসেবে শিল্পী-সাংবাদিকের সম্পর্ক আস্থা ও সম্মানের বলে মনে করেন মিম। তার মতে, “নিয়মিত যেসব গণমাধ্যমকর্মী বিভিন্ন অনুষ্ঠানে থাকেন, তাদের সঙ্গে শিল্পীদের পারস্পরিক সম্মান ও বিশ্বাসের সম্পর্ক গড়ে ওঠে। আপনারা যেমন দর্শকদের জন্য দায়িত্ববোধ থেকে কাজ করেন, তেমনই আমরাও কাজ করি। সহকর্মী হিসেবে আপনাদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আছে। এই সম্পর্কটা সবসময় বজায় থাকা উচিত।”
ঢাকা/শান্ত
২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৭, আক্রান্ত ১২১৫