প্রযোজকের নজরে সিয়াম, আলোচনার টেবিলে বড় প্রজেক্ট
সিয়াম আহমেদ
ধীরে ধীরে ঢাকাই সিনেমায় নিজের আলাদা অবস্থান তৈরি করছেন সিয়াম আহমেদ। ক্যারিয়ারের শুরু থেকেই চরিত্র আর গল্পে ভিন্নতা খুঁজে নেওয়ার চেষ্টা সমসাময়িকদের থেকে আলাদা করেছে তাকে। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার এই প্রচেষ্টা এখন চোখে পড়ার মতো।
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া তার অভিনীত ‘রাক্ষস’ সিনেমা দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। মুক্তির পর থেকেই অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন তিনি, যা তার ক্যারিয়ারগ্রাফকে আরও শক্ত ভিত্তি দিয়েছে।
এবার জানা গেল, দেশের একটি স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান নজর দিয়েছে এই অভিনেতার দিকে। এরই মধ্যে এই প্রতিষ্ঠান শাকিব খানের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। এবার বড় পরিসরে কাজ করতে চায় সিয়ামকে নিয়ে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি বিগ বাজেটের সিনেমায় অভিনয়ের জন্য প্রাথমিকভাবে আলোচনা চলছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চুক্তি সম্পন্ন হয়নি, তবে আলোচনা অনেকটা এগিয়েছে। এমন সুযোগ হাতছাড়া করবেন না বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
টেলিভিশন নাটকের পরিচিত মুখ ছিলেন সিয়াম আহমেদ। ২০১৮ সালে ‘পোড়ামন টু’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর ‘দহন’, ‘ফাগুন হাওয়ায়’, ‘বিশ্বসুন্দরী’, ‘মৃধা বনাম মৃধা’, ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘অন্তর্জাল’, ‘জংলী’ এবং সর্বশেষ ‘রাক্ষস’—প্রতিটি কাজেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন এই তারকা।
সব মিলিয়ে বলা যায়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রস্তুত করছেন সিয়াম। আর যদি সবকিছু ঠিকঠাক এগোয়, তাহলে খুব শিগগির বড় পরিসরের একটি সিনেমায় নতুনভাবে দেখা যেতে পারে সিয়াম আহমেদকে।
ঢাকা/রাহাত/শান্ত
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা