ঢাকা     বুধবার   ০১ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ১৯ ১৪৩২ || ১২ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিক্ষকের থাপ্পরে জ্ঞান হারাল শিক্ষার্থী

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:০২, ১ এপ্রিল ২০২৬
শিক্ষকের থাপ্পরে জ্ঞান হারাল শিক্ষার্থী

বান্দরবানের লামা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বোচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

অভিযুক্ত শিক্ষক ফরিদুল আলম, যিনি বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

স্থানীয় সূত্র ও সহপাঠীদের অভিযোগ অনুযায়ী, ক্লাস চলাকালে প্রথম শ্রেণির ছাত্রী রেশমি ত্রিপুরাকে ব্ল্যাকবোর্ডে ইংরেজি বর্ণমালা লিখতে বলা হয়। লিখতে না পারায় ক্ষিপ্ত হয়ে শিক্ষক তাকে চড় মারেন। এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, এ সময় সিসিটিভি বন্ধ করে তার মুখ চেপে ধরা হয়, যাতে কান্নার শব্দ বাইরে না যায়। পরে সহপাঠীরা তাকে অজ্ঞান অবস্থায় বাড়িতে নিয়ে যায়। ঘটনার পর থেকে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকাবাসী দ্রুত অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শিশুটির মা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে গিয়ে প্রতিবাদ জানান। এ সময় অভিযুক্ত শিক্ষক কোনো জবাব না দিয়ে অফিস কক্ষে অবস্থান করেন। পরে গ্রামবাসীরা তাকে ঘেরাও করে জবাবদিহিতা দাবি করেন এবং অপসারণের দাবি তোলেন।

ভুক্তভোগী শিশুর মা রজনী ত্রিপুরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে ‘এ বি সি ডি’ লিখতে দেওয়া হয়। ‘সি’ লিখতে না পারায় তাকে চড় মেরে অজ্ঞান করে ফেলে। মারার সময় সিসিটিভিও বন্ধ করে দেওয়া হয়। ছোট বাচ্চাদের এভাবে মারলে তারা কোথায় যাবে? আমরা এমন শিক্ষক চাই না।”

অভিযুক্ত শিক্ষক ফরিদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ততার কথা বলে কোনো মন্তব্য করতে রাজি হননি।

লামা উপজেলা শিক্ষা কর্মকর্তা এটিও আশরাফ জানান, ভুক্তভোগী পরিবার বিষয়টি জানিয়েছে এবং তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। ছোট শিশুকে এভাবে মারধরের কোনো সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিনয় চাকমা জানান, বিষয়টি ইতোমধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা/চাইমং/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়