ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ১ এপ্রিল ২০২৬   আপডেট: ১২:৪২, ১ এপ্রিল ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইলেন শাকিব খান

সংবাদ সম্মেলনের দৃশ্য

ঈদুল ফিতর উপলক্ষে যে কটি সিনেমা মুক্তি পেয়েছে, তারমধ্যে সবচেয়ে আলোচিত ‘প্রিন্স’। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন—মেগাস্টার শাকিব খান, তাসনিয়া ফারিণ, ওপার বাংলার জ্যোর্তিময়ী কুণ্ডু। তবে মুক্তির পর দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে সিনেমাটি। আর এ নিয়ে ক্ষমা চাইলেন ঢালিউড কিং শাকিব খান।  

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলী ও গণমাধ্যমকর্মীরা। প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেগাস্টার শাকিব খান। সেখানে অত্যন্ত সততা ও সাহসিকতার সঙ্গে ব্যর্থতার দায় স্বীকার করে শাকিব খান জানান, ‘প্রিন্স’ দর্শকদের আশানুরূপ মান ছুঁতে পারেনি। 

আরো পড়ুন:

শাকিব খান বলেন, “আমি এটুকু মানছি যে, ‘প্রিন্স’ টিম আপনাদের পরিপূর্ণ সিনেমা উপহার দিতে পারেনি, দেশের মানুষের কাছে সেই বার্তা পৌঁছাতে পারেনি। কিন্তু বিশ্বাস করেন, আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না।” 

পারমিশন সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘ ৩ মাস শুটিং আটকে ছিল। ফলে পূর্বনির্ধারিত সময়সূচি পুরোপুরি ভেস্তে যায়। সময়ের অভাবে তাড়াহুড়ো করে কাজ শেষ করতে হয়েছে বলেও জানান শাকিব।  

ক্ষমা প্রার্থনা করে কিং খান বলেন, “প্রিন্স’ সিনেমার গল্প শোনার পর প্রথমে মনে হয়েছিল, এটি আমার ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হবে। কিন্তু সময় স্বল্পতার কাছে আমরা হেরে গেছি। টিমের পক্ষ থেকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী।”  

‘প্রিন্স’ সিনেমার কাজের ত্রুটি ধরেছেন দর্শকরা। এসব সমস্যার পেছনের কারণ ব্যাখ্যা করে শাকিব খান বলেন, “দর্শকরা কী বলছে? টেকনিক্যাল সমস্যা, সিজির কাজের কথা বলছে, আবার কালার গ্রেডিংয়ের কথা বলছে। আসলে এগুলো করার জন্য অনেক সময় প্রয়োজন। কিন্তু আমরা ঈদের ১ দিন আগেও শুটিং করেছি। যা দর্শক চাহিদা পুরোপুরিভাবে মেটাতে পারেনি ‘প্রিন্স’।” 

শাকিব খান ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন—নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। 

ঢাকা/রোহান/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়