ঢাকা     বৃহস্পতিবার   ০২ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

জ্যাজ সিটি: শুভকে কেন কাস্ট করলেন ভারতীয় পরিচালক?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২ এপ্রিল ২০২৬   আপডেট: ১৭:৫৭, ২ এপ্রিল ২০২৬
জ্যাজ সিটি: শুভকে কেন কাস্ট করলেন ভারতীয় পরিচালক?

আরিফিন শুভ

কিছুদিন আগে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছে ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভর। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম সনি লাইভে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। ভারতীয় পরিচালক সৌমিক সেন নির্মিত এ সিরিজের প্রধান চরিত্র রূপায়ন করেছেন শুভ। ভারতে ট্রেন্ডিংয়ের শীর্ষেও ছিল সিরিজটি।  

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সত্তরের দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজে উঠে এসেছে সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপড়েন এবং পরিবর্তনের গল্প। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষা, সিরিজটিতে শুভকে কাস্ট করার কারণসহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেছেন পরিচালক সৌমিক সেন।  

আরো পড়ুন:

আরিফিন শুভ


কলকাতায় বড় হয়েছেন পরিচালক সৌমিক সেন। জীবনের ৩০ বছর পর্যন্ত জানতেনই না যে, পাশের দেশ বাংলাদেশের মানুষ নিজেদের ভাষার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যে বাংলা ভাষার জন্য পালিত হয়, তা জানার পর হতবাক হন; এটি খুব বেশি উদযাপনও করেননি তিনি। 

সৌমিক সেন বলেন, “এটি আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ইতিহাসের কিছু অংশের প্রতি আমার উদাসীনতা ছিল। আমরা ‘বর্ডার’-এর মতো সিনেমা দেখেছি, যা মূলত ১৯৭১ সালের যুদ্ধ নিয়ে। এটি পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। আমার মতে, এটি ছিল বৃহত্তর একটি যুদ্ধের অংশ, যার ফলে নতুন একটি জাতির জন্ম হয়েছে। এটি ছিল ভারতের অন্যতম বড় সামরিক সাফল্য। তবে পূর্ব সীমান্তে কী ঘটেছিল, তা নিয়ে খুব কম কথাই আমরা বলেছি।” 

‘জ্যজ সিটি’ সিরিজের দৃশ্য


নির্মাণের ক্ষেত্রে প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুন মুখ বেছে নেন পরিচালক সৌমিক সেন। এ বিষয়ে তিনি বলেন, “এখানে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হলো স্বতঃস্ফূর্ততা, আর অন্যটি ব্যবসা ও চমক তৈরি করা। আপনি যখন নতুন মুখগুলোকে চেনেন না, জানেন না তারা কোথা থেকে এসেছেন, তখন তারা চরিত্র হয়ে ওঠে। দর্শকের মনে তাদের নিয়ে কোনো পূর্বধারণা থাকে না। প্রতীক গান্ধী ‘স্ক্যাম ১৯৯২’-তে কী করেছিলেন? আপনি প্রথমে চরিত্রটিকে চিনেছেন, তারপর অভিনেতাকে।” 

দীর্ঘ অডিশন প্রক্রিয়ার পরও সবচেয়ে বেশি যে বিষয়টি দর্শকদের চমকে দিয়েছে, তা হলো—এর প্রধান চরিত্রে একজন বাংলাদেশি অভিনেতা অভিনয় করেছেন। আইপিএলে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে দুই দেশের বিতর্কের পর আরিফিন শুভকে কাস্ট করা নিয়ে প্রশ্ন উঠলেও, সৌমিক সেন তা নিয়ে উদ্বিগ্ন নন। তিনি বলেন, “আমার মনে হয়, জাতি হিসেবে আমরা সহযোগিতা ও বন্ধুত্বপরায়ণ। সব প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। ভারত এমন একটি দেশ, যেখানে সবাইকে স্বাগত জানানো হয়।” 

‘জ্যজ সিটি’ সিরিজের দৃশ্য


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রশংসা করে সৌমিক সেন বলেন, “বাংলাদেশ এখন দারুণ সময় পার করছে। সেখানে চমৎকার একটি নির্বাচন হয়েছে। দুই বাংলার মানুষ একে অপরকে ভালোবাসে। ভাষা ও সংস্কৃতির যে অভিন্ন ঐতিহ্য আমরা ভাগ করি, তা আমাদের আরও কাছে নিয়ে আসে। যখন সবাই একসঙ্গে কাজ করতে চায়, তখন অভিজ্ঞতা অসাধারণ হয়ে ওঠে।” 

ভারতে অনেক মেধাবি অভিনেতা থাকার পরও ‘জ্যাজ সিটি’ ওয়েব সিরিজে কেন বাংলাদেশি একজন অভিনেতাকে বেছে নিলেন? এ প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে সৌমিক সেন বলেন, “কেন নয়? আরিফিন শুভ একজন অভিনেতা, একজন তারকাও, এর উল্টোটা নয়। আমি অনেকের অডিশন নিয়েছি, সবাই ভালো। কিন্তু ‘জিমি রয়’ চরিত্রের জন্য আমার কাছে দ্বিতীয় কোনো বিকল্প ছিল না।” 

আরিফিন শুভ


ওয়েব সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘জিমি রয়’ চরিত্রকে ঘিরে, যেখানে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সিরিজে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি—চারটি ভাষায় অভিনয় করেছেন শুভ। একইসঙ্গে সনি লাইভে এটিই প্রথম কোনো বাংলা ভাষার সিরিজ। 

*ইন্ডিয়া টুডে অবলম্বনে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়