ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সাভারে সড়কে যানবাহনের লাইন থাকলেও থেমে নেই

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৫ মে ২০২৬   আপডেট: ২০:৩৬, ২৫ মে ২০২৬
সাভারে সড়কে যানবাহনের লাইন থাকলেও থেমে নেই

শিল্পকারখানায় ছুটি হওয়ায় সাভারে বিকেলে সড়কে যাত্রীর চাপ বেড়ে যায়।

ঢাকার সাভার ও আশুলিয়ায় ঈদযাত্রাকে কেন্দ্র করে যাত্রীর চাপ বেড়েছে। এতে যানবাহনে ধীরগতি সৃষ্টি হয়েছে। সোমবার (২৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক থাকলেও বিকেলে একযোগে বেশ কিছু শিল্প কলকারখানা ছুটি হওয়ার পর সড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে।

আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। 

আরো পড়ুন:

শিল্প পুলিশ জানায়, সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় ৪৫ শতাংশ কলকারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ সব কলকারখানার শ্রমিকরা গ্রামে ফিরতে শুরু করায় দুপুরের পর থেকে সড়কে যাত্রীর চাপ বেড়েছে। অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ, বৃষ্টির কারণে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর, পল্লিবিদ্যুৎ, বাইপাইলসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনে ধীরগতি সৃষ্টি হয়েছে।

সড়কে দায়িত্বপালনরত পুলিশ কর্মকর্তারা বলছেন, যানজট না থাকলেও কিছু কিছু স্থানে যানবাহনের অনেক বেশি ধীরগতির কারণে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। আবার নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত ভাঙ্গাচোরা সড়ক ও এক্সপ্রেসওয়ে কাজ চলমান থাকায় এবং বৃষ্টির পানি জমে এই এলাকায় যানবাহনের গতি বাধাগ্রস্ত হচ্ছে। 

চন্দ্রা এলাকায় সৃষ্টি হওয়া চাপের প্রভাব পড়তে শুরু করেছে নবীনগর-চন্দ্রা সড়কেও। সন্ধ্যা নাগাদ যানবাহনের লাইন ৮/১০ কিলোমিটার দীর্ঘ হয়ে কবীরপুর এলাকা পর্যন্ত চলে এসেছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, ‘‘যানবাহনের চাপের সঙ্গে তুলনা করলে বলতে হবে পরিস্থিতি ভালো রয়েছে। তবে বাইপাইল থেকে রোড কন্ডিশনের কারণে, আবার বৃষ্টিও যোগ হয়েছে, গাড়ির গতি অত্যন্ত ধীর, ফলে এখানে লাইন তৈরি হয়ে সেটি নবীনগরের দিকেও চলে এসেছে।’’  

তিনি আরো বলেন, ‘‘যানবাহনের লাইন থাকলেও থেমে নেই। মুভিং (চলমান) রয়েছে। আর চন্দ্রার পরিস্থিতি যেহেতু আমার আওতার বাইরে, সেহেতু সেখানকার পরিস্থিতি নিয়ে আমি মন্তব্য করতে পারব না। তবে হ্যা, সেখানে তৈরি হওয়া চাপের কারণে যানবাহনের লাইন আমাদের কবীরপুর পর্যন্ত চলে আসছে, কিন্তু গাড়ি চলমান রয়েছে।’’ 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহজাহান বলেন, ‘‘দুপুরের পর শিল্প কলকারখানা ছুটি হওয়ার কারণে সড়কে যাত্রী ও যানবাহন, উভয় চাপই বেড়েছে। তবে কিছু কিছু এলাকায় যানবাহনের ধীরগতি থাকলেও কোথাও গাড়ি থেমে নেই, চলমান রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে মানুষের ভোগান্তি না হয়।’’ 

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকালের পর থেকে সড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বাস স্টপেজে যাত্রী ওঠানামা করার কারণে কিছুটা ধীরগতি ও যানজট তৈরি হয়েছে। আগে থেকে টিকিট না কেটে না রাখায় অনেক যাত্রী সড়কে দরদাম করে বাসে ওঠার চেষ্টা করার কারণেও বিভিন্ন পয়েন্টে যানবাহনের জট তৈরি হচ্ছে।

চন্দ্রার পরিস্থিতি জানতে গাজীপুর হাইওয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলেও সড়কে দায়িত্ব পালন ও ব্যস্ত থাকার কারণে কথা বলা সম্ভব হয়নি।

ঢাকা/সাব্বির/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়