ঢাকা     সোমবার   ২৫ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ১১ ১৪৩৩ || ৯ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সুবর্ণচরে নারীকে জুতাপেটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২৫ মে ২০২৬  
সুবর্ণচরে নারীকে জুতাপেটার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

ফাইল ফটো

নোয়াখালীর সুবর্ণচরে কোহিনুর বেগম (৩৭) নামে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার চরজুবলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কম্পিউটার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাছিমা বেগম চরজুবলি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। ভুক্তভোগী কোহিনুর বেগম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়নাল সর্দার বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।

কোহিনুর বেগম অভিযোগ করে বলেন, “আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত এবং সম্প্রতি এক মেয়ে অসুস্থ হয়ে মারা গেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফের চাল বিতরণের কথা শুনে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মঞ্জুরুল আলমের কাছে একটি কার্ডের জন্য যাই। তিনি আমাকে ইউনিয়ন পরিষদে থাকতে বলে বাড়িতে চলে যান। পরে আমি ইউনিয়ন পরিষদ সংলগ্ন কম্পিউটার দোকানের সামনে গিয়ে বলি, মঞ্জুরুল মেম্বার আমাকে একটি চালের স্লিপ দেয়নি। ভোট আসলে তারা বাড়ি গিয়ে খালা-মা ডাকে। সামনে ভোট আসলে আর ভোট দেব না। তখন নারী ইউপি সদস্য নাছিমা বেগম কম্পিউটার দোকানের পিছনে বসা ছিলেন। আমি তাকে দেখিনি। পরে নারী ইউপি সদস্য নাছিমা কম্পিউটার দোকানের পিছন থেকে ক্ষিপ্ত হয়ে বের হয়ে আমাকে জুতা দিয়ে মারধর করেন।”

অভিযোগ অস্বীকার করে নাছিমা বেগম বলেন, “ওই নারী খারাপ আচরণ করেছেন। আমার বোরকা ধরে টানাটানি করলে আমি তাকে সরিয়ে দিই।”

সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “এ রকম একটি বিষয় শুনেছি। ওই নারীর পরিচয় এখনো পুরোপুরি শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্ত করে অভিযোগ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সুজন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়