ঈদে বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঈদ উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (২৫ মে) থেকে রবিবার (৩১ মে) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন সকাল ৯টা থেকে যথারীতি বন্দরের কার্যক্রম শুরু হবে। তবে ঈদের ছুটির সময়েও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
আগামী বৃহস্পতিবার (২৮ মে) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
রবিবার (২৪ মে) রাতে বাংলাবান্ধা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের ব্যবসায়ীদেরও জানানো হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ ও ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, “ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী ঈদ উপলক্ষে সাত দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।”
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীরা বন্দর দিয়ে যাতায়াত করতে পারবেন। এছাড়া বন্দর এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা/নাঈম/বকুল
কালশীর বস্তির আগুন নিয়ন্ত্রণে