সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা সিএমপি কমিশনারের
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী (মাঝে)।
মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) নতুন কমিশনার হাসান মো. শওকত আলী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সিএমপি কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
সিএমপি কমিশনার শওকত আলী বলেন, “নগরীতে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হবে।”
নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, “মানুষ যাতে নিরাপত্তার অনুভূতি নিয়ে চলাফেরা করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই পুলিশের লক্ষ্য। কিশোর গ্যাং দমনে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকায় মাদক ও ছিনতাইয়ের হটস্পট ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই এসব এলাকায় বিশেষ অভিযান শুরু হবে।”
যানজট নিরসনেও কার্যক্রম জোরদার করার কথা উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, “নগরবাসীকে স্বস্তির নগরজীবন দিতে পুলিশ কাজ করছে।” চট্টগ্রামকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে শওকত আলী বলেন, “এ ধরনের অপরাধে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। একইভাবে মাদক ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ধারাবাহিক অভিযান চলবে।”
পুলিশের ভেতরে অনিয়মের বিষয়ে তিনি বলেন, “আমাদের কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদা বা ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেলে জিরো টলারেন্স নীতির আওতায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
গত ১ এপ্রিল হাসান মো. শওকত আলী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৩৪তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ঢাকা/রেজাউল/মাসুদ
অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট