জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি
অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকারি ও বেসরকারি সব অফিসের সময়সূচি পরিবর্তন করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি সন্ধ্যা ৬টার পর দেশের সব বিপণিবিতান, দোকানপাট ও শপিংমল বন্ধ রাখতে হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, “বিশেষ পরিস্থিতির কারণে সংসদ ভবনেই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচি এবং যানজট এড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।”
অফিস ও ব্যাংকের সময়সূচি
আগামী কার্যদিবস থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অর্থাৎ আগের তুলনায় অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে।
ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আনুষঙ্গিক কাজ শেষে ব্যাংক বন্ধ হবে বিকেল ৪টায়।
সন্ধ্যার পর মার্কেট বন্ধ
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে সন্ধ্যা ৬টার পর দেশের সব মার্কেট, দোকান ও শপিংমল বন্ধ রাখতে হবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর নজরদারি করবে বলে জানানো হয়েছে।
শিক্ষা ও পরিবহন খাতে উদ্যোগ
শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি নিয়ে আলাদা নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়, যা আগামী রবিবার থেকে কার্যকর হতে পারে।
শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমাতে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত হয়েছে। এ ক্ষেত্রে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাবে। বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বাস আমদানির শুল্ক কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে পুরোনো বাস আমদানির অনুমতি থাকবে না।
ব্যয় সংকোচন
সরকার জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ৩০ শতাংশ ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে। আগামী তিন মাস সরকারি কোনো নতুন যানবাহন ও কম্পিউটার সরঞ্জাম কেনা যাবে না। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও অভ্যন্তরীণ প্রশিক্ষণের অর্ধেক স্থগিত করা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয়ও ৫০ শতাংশ কমানো হয়েছে।
আলোকসজ্জায় নিষেধাজ্ঞা
জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে বিয়ে বা যেকোনো বেসরকারি অনুষ্ঠানেও আলোকসজ্জা না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আইন সংশোধন
বৈঠকে ‘পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সংশোধনের মাধ্যমে পাবলিক পরীক্ষায় অপরাধের শাস্তি আরো কঠোর করা হচ্ছে।
জ্বালানি সরবরাহ পরিস্থিতি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তেলের সরবরাহ কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। বিকল্প উৎস হিসেবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান থেকে তেল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রাখছে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
ঢাকা/এএএম/মাসুদ
অফিস ৯টা-৪টা, সন্ধ্যা ৬টার পর বন্ধ মার্কেট