ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৩ ১৪৩২ || ১৭ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চোট কাটিয়ে ফিরছেন রোনালদো, শুরুর একাদশেই দেখার ইঙ্গিত কোচের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৬, ৩ এপ্রিল ২০২৬  
চোট কাটিয়ে ফিরছেন রোনালদো, শুরুর একাদশেই দেখার ইঙ্গিত কোচের

দীর্ঘ বিরতির পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন এই পর্তুগিজ তারকা। আর আসন্ন ম্যাচেই তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে বলে জানিয়েছেন আল নাসরের কোচ জর্জ জেসুস।

গত ২৮ ফেব্রুয়ারি আল ফায়হার বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েন রোনালদো। এরপর টানা ৩টি ক্লাব ম্যাচ এবং পর্তুগাল দলের ২টি প্রস্তুতি ম্যাচ মিস করেন তিনি। প্রায় ১ মাস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

আরো পড়ুন:

গত মঙ্গলবার অনুশীলনে ফিরেই স্বাভাবিক ছন্দে দেখা গেছে রোনালদোকে। ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত ছবি ও ভিডিওতে তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। যা তার দ্রুত ফেরার ইঙ্গিতই দিচ্ছে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ জর্জ জেসুস স্পষ্ট করে জানিয়েছেন, সর্বশেষ অনুশীলন সেশন ঠিকঠাক হলে রোনালদোকে দলে রাখা হবে।

এদিকে একই ম্যাচে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাদিও মানেও ফিরতে পারেন। তিনিও সাম্প্রতিক সময়ে গোড়ালির চোটে ভুগছিলেন।

বর্তমানে লিগের লড়াইয়ে শীর্ষ অবস্থানে রয়েছে আল নাসর। ২৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৭ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে আছে তারা। তাই এই ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিরোপা দৌড়ে ব্যবধান ধরে রাখার ক্ষেত্রে।

বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হতে যাওয়া ম্যাচে আল নাসরের প্রতিপক্ষ আল নাজমা। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়েই আবার মাঠে নামবেন রোনালদো। যা ভক্তদের জন্য বড় স্বস্তির খবর।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়