আইসিসিকে অবহিত করে বিসিবি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: আমিনুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘বিতর্কিত’ নির্বাচনের তদন্ত রিপোর্ট আজ জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদে রোববার সকালে তদন্ত প্রতিবেদন জমা দেন স্বাধীন তদন্ত কমিটির প্রধান বিচারপতি (অবসরপ্রাপ্ত) একেএম আসাদুজ্জামান। ব্যাপক অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে তদন্তে নামে। রিপোর্ট হাতে পাওয়ার পর মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ কী নেবে তা জানতে উৎসুক সবাই।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিকেলে জানিয়েছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করার পর মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত নেবে। সাভারে বিকেএসপি পরিদর্শন শেষে আমিনুল হক বলেছেন, ‘‘সকাল বেলা তদন্ত কমিটি এসে প্রতিবেদন দিয়ে গেছে। তাৎক্ষণিকভাবে এখানে আমরা আন্তঃমন্ত্রণালয়ের একটি মিটিং ডেকেছিলাম। এবং সেই মিটিংয়ে আমরা আলাপ আলোচনা করেছি পরবর্তী করণীয় নিয়ে। আইসিসি রয়েছে, আইসিসিকে তদন্ত রিপোর্টটি অবহিত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো।’’
বিসিবির নির্বাচন নিয়ে আগে থেকেই সোচ্চার ছিলেন আমিনুল। তদন্ত কমিটি ডেকেছিল সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকেও। তার মেয়াদেই বিসিবি নির্বাচন হয়েছিল। বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ হয়েছে সেই অভিযোগও উঠেছিল। কিন্তু তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ।
বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির প্রধান ও অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান। আসিফ মাহমুদের বিষয়ে জানতে চাইলে আমিনুল হক বলেছেন, ‘‘ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন আমাদের কাছে জমা হয়েছে। তিনি অংশগ্রহণ করেননি নিশ্চয়ই সেই তদন্ত প্রতিবেদনের ভিতরে রয়েছে এবং আমরা সেটি যাচাই বাছাই করেছি যে তিনি উপস্থিত হননি সেটিও আমি দেখেছি। এটা আমরা পরবর্তী সিদ্ধান্ত আইসিসির সাথে কথা বলে নেব। তারপরে আমি সিদ্ধান্তগুলো জানাবো আপনাদেরকে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের