বরগুনায় ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাথরঘাটা উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৯০ ব্যারেল জ্বালানি তেল ডিজেল উদ্ধার করেছে।
বরগুনার পাথরঘাটা উপজেলায় জেলে অধ্যুষিত একটি এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৯০ ব্যারেল জ্বালানি তেল ডিজেল উদ্ধার করেছে। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেসার্স গাজী স্টোর থেকে বিপুল পরিমাণ ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এ সব জ্বালানি তেল পাথরঘাটা উপজেলার নদী ও সাগর মোহনা এবং সাগরে মাছ শিকার করা জেলেদের মাঝে বিক্রি করা হয়।
পাথরঘাটা উপজেলা প্রশাসন জানান, অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। ফলে বহু জেলে সাগরে মাছ ধরতে যেতে পারেননি এবং আর্থিক ক্ষতির মুখে পড়ে।
অভিযানে অবৈধভাবে জ্বালানি মজুত রাখার দায়ে মেসার্স গাজী স্টোরের স্বত্বাধিকারী আব্দুল্লাহ গাজীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে উদ্ধার হওয়া ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে ফিশিং ট্রলার মালিকদের কাছে নিলামে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ট্রলার চলাচল বন্ধের উপক্রম হয়। প্রশাসনের উদ্যোগে রাতে তালিকা অনুযায়ী ডিজেল বিক্রি করা হবে এবং জেলেরা পুনরায় সাগরে মাছ ধরতে যেতে পারবেন।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস পাল বলেন, জ্বালানি তেল নিয়ে অনিয়ম, মজুদদারি বা সিন্ডিকেট কার্যক্রম বরদাস্ত করা হবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঢাকা/ইমরান/বকুল
প্রজ্ঞাপন জারি, রবিবার থেকে অফিস ৯টা-৪টা