ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফখর জামানের নিষেধাজ্ঞা বহাল, আপিল খারিজ পিএসএল কমিটির

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ৩ এপ্রিল ২০২৬  
ফখর জামানের নিষেধাজ্ঞা বহাল, আপিল খারিজ পিএসএল কমিটির

বল বিকৃতি বিতর্কে শাস্তি থেকে রেহাই মিলল না ফখর জামানের। ২ ম্যাচ নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার করা আপিল খারিজ করে দিয়েছে পাকিস্তান সুপার লিগের টেকনিক্যাল কমিটি। ফলে ম্যাচ রেফারির দেওয়া আগের সিদ্ধান্তই বহাল থাকছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, ফখরের আপিল শুনানি অনুষ্ঠিত হয় টেকনিক্যাল কমিটির সামনে, যেখানে ছিলেন অধ্যাপক জাভেদ মালিক, ডা. মুমরাইজ নকশবন্দ এবং সৈয়দ আলী নাকি। সব প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্য পর্যালোচনা করে তারা ম্যাচ রেফারি রোশন মহানামার দেওয়া শাস্তি বহাল রাখার সিদ্ধান্ত নেন।

আরো পড়ুন:

৩৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটারকে আচরণবিধির ২.১৪ ধারা ভঙ্গের অভিযোগে লেভেল ৩ অপরাধে অভিযুক্ত করা হয়। অভিযোগ ছিল, করাচি কিংসের বিপক্ষে ম্যাচে তিনি বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা করেছেন, যা নিয়ম অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ।

গত ২৯ মার্চ অনুষ্ঠিত সেই ম্যাচেই ঘটে বিতর্কিত ঘটনা। করাচির রান তাড়ার শেষ ওভারের আগে আম্পায়াররা বল পরীক্ষা করে দেখেন, সেটির অবস্থা পরিবর্তন করা হয়েছে। এরপরই লাহোর কোয়ালান্ডার্সকে ৫ রান পেনাল্টি দেওয়া হয়।

এই সিদ্ধান্তেই বদলে যায় ম্যাচের সমীকরণ। শেষ ওভারে করাচির প্রয়োজন ছিল ১৪ রান, যা নেমে আসে মাত্র ৯ রানে। সেই সুযোগ কাজে লাগিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা, হাতে ছিল আরও ৩ বল।

পরবর্তীতে ম্যাচ রেফারি পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে ফখরকে ২ ম্যাচ নিষিদ্ধ করেন। যদিও পুরো প্রক্রিয়াজুড়েই নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন ফখর এবং পূর্ণাঙ্গ শুনানির দাবি জানান।

সবশেষে টেকনিক্যাল কমিটির সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল- এই বিতর্কে ফখরের শাস্তি অপরিবর্তিত থাকছে। ফলে সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে ছাড়াই মাঠে নামতে হবে লাহোর কোয়ালান্ডার্সকে। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়