২৪ ঘণ্টায় হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭
দেশে হাম আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪৭। এর মধ্যে নিশ্চিত রোগীর সংখ্যা ৪২। একই সময়ে সন্দেহজনক মৃত্যু হয়েছে তিন জনের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক মোট মৃত্যুর সংখ্যা ৯৪।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত ১৯ দিনে দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৯৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯৪ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৫২৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। পাশাপাশি আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার প্রস্তুতি চলছে।
ঢাকা/এমএসবি/এসবি
২৪ ঘণ্টায় হামে আরো ৩ মৃত্যু, আক্রান্ত ৯৪৭