নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার
জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে নারী এমপিদের নিয়ে কটূক্তির বিচার দাবি করছেন রুমিন ফারহানা। ছবি: সংসদ টিভি
নারী সংসদ সদস্যদের (এমপি) নিয়ে ওয়াজ মাহফিলে আপত্তিকর ও কুৎসিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ ও বিচার দাবি করেন।
অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের সূত্র ধরে রুমিন ফারহানা অভিযোগ করেন, এই সংসদে উপস্থিত তার নিজের এবং আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে বর্তমান সংসদেরই একজন সদস্য জনসমক্ষে কদাকার ও কুৎসিত ভাষায় বক্তব্য দিয়েছেন।
বক্তব্যের শুরুতে রুমিন ফারহানা বলেন, “স্পিকার, আমি আপনার দৃষ্টিতে একটি খবর আনতে চাই। আজকে খবর প্রকাশিত হয়েছে যে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরো দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদেরই আরেকজন সদস্য ওয়াজ মাহফিলে অত্যন্ত কুৎসিত ভাষায় কথা বলেছেন। যে ভাষায় তারা বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি দেখবেন।”
রুমিন ফারহানার এই দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন,“মাননীয় সংসদ সদস্য, আপনি রুলস অব প্রসিডিউর (কার্যপ্রণালি বিধি) পড়লে দেখবেন যে, সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অব অর্ডার হয় না।”
সংসদে এ সময় নারী এমপিদের নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্যের ঘটনায় অন্য সদস্যদের মধ্যেও গুঞ্জন ও আলোচনা তৈরি হয়।
ঢাকা/আসাদ/সাইফ
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী