লক্ষ্মীপুরে অবৈধভাবে ডিজেল মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় লাইসেন্স ছাড়াই ৯০০ লিটার ডিজেল মজুদ রাখার দায়ে দ্বীন মোহাম্মদ নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা ডিজেল তাৎক্ষণিকভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন নিপা বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে ইউএনওর নেতৃত্বে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে ‘পেট্রোলিয়াম আইন’ মজুদকারী ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সরকারি শর্ত লঙ্ঘন করে জ্বালানি তেল বিক্রির অভিযোগও প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানের সময় জব্দ করা ৯০০ লিটার ডিজেল স্থানীয় বাজারে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেছেন, “অভিযানের সময় আশপাশের পেট্রল পাম্পগুলোতেও তদারকি করা হয়েছে। বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক আছে।”
তিনি জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
ঢাকা/জাহাঙ্গীর/রফিক
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী