ঢাকা     শুক্রবার   ০৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২০ ১৪৩২ || ১৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ক্লাস চলাকালে ধসে পড়ল ছাদের বিমের একাংশ, ৫ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ২ এপ্রিল ২০২৬  
ক্লাস চলাকালে ধসে পড়ল ছাদের বিমের একাংশ, ৫ শিক্ষার্থী আহত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ছাদের পলেস্তারা ও বিমের একাংশ ধসে পড়ে ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা সবাই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্র জানায়, বৃহস্পতিবার প্রতিদিনের মতো ষষ্ঠ শ্রেণির ক্লাস চলছিল। দুপুর দেড়টার দিকে হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তার ও বিমের একাংশ ধসে পড়ে। এতে পাঁচ শিক্ষার্থী মাথায় ও শরীরে আঘাত পায়।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, “ক্লাস চলাকালীন হঠাৎ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে। এতে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, “আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে সবাই শঙ্কামুক্ত।”

ঢাকা/জাহাঙ্গীর/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়