খানজাহান আলীর মাজারে চৈত্র পূর্ণিমার মেলা শুরু, ভক্তদের ঢল
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে খানজাহান আলীর মাজার ঘিরে শুরু হয়েছে চৈত্র পূর্ণিমার ঐতিহ্যবাহী মেলা।
বাগেরহাটে খানজাহান আলীর মাজার ঘিরে শুরু হয়েছে চৈত্র পূর্ণিমার ঐতিহ্যবাহী মেলা। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর থেকে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা মাজার প্রাঙ্গণ ও দিঘীর চারপাশে ভিড় জমাতে শুরু করেছে।
প্রতি বছরের মতো চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে শুরু হওয়া তিন দিনব্যাপী মেলা ঘিরে পুরো এলাকা মুখর হয়ে উঠেছে। শনিবার (৪ এপ্রিল) আসরের পর আনুষ্ঠানিকভাবে মেলা শেষ হওয়ার কথা রয়েছে।
মাজার কর্তৃপক্ষ জানায়, বুধবার (১ এপ্রিল) থেকে দল বেঁধে ভক্তরা আসতে শুরু করে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল গড়াতেই ভক্তদের উপস্থিতি কয়েকগুণ বেড়ে যায়। অনেকে মাজার জিয়ারত করছেন, আবার অনেকে দিঘীর পানিতে গোসল করে মানত পূরণ করছেন।
পিরোজপুর থেকে আসা দর্শনার্থী আনিস উদ্দিন বলেন, “এখানে আসলে মনে শান্তি পাই। প্রতি বছরই মেলায় আসার চেষ্টা করি।”
স্থানীয় বাসিন্দা শোভন ফকির বলেন, “সারা বছরই মানুষ আসে, তবে মেলার সময় পুরো এলাকা জমজমাট হয়ে ওঠে। আলোকসজ্জা, মেলা আর ভক্তদের আনাগোনায় এক ভিন্ন পরিবেশ তৈরি হয়।”
সাতক্ষীরা থেকে আসা হৃদয় তরফদার বলেন, “বন্ধুদের নিয়ে মেলায় এসেছি। দিঘীতে গোসল করেছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে, এটা সত্যিই ভালো অভিজ্ঞতা।”
মেলার আয়োজক খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, প্রায় সাড়ে ৫০০ বছরের ঐতিহ্য বহনকারী এই মেলা শুধু বাগেরহাট নয়, দেশ-বিদেশের ভক্তদের জন্য বড় আধ্যাত্মিক মিলনমেলা।
তিনি বলেন, “প্রতিবছরই লাখো মানুষের সমাগম হয়। এবার আগের তুলনায় ভক্তদের উপস্থিতি বেশি।”
ঢাকা/আমিনুল/বকুল
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী