নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৬ শিশু
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নীলফামারীতে হামের উপসর্গ নিয়ে ছয় শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তারা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে আছে— ডিমলা উপজেলার বালাপাড়া শুকানগঞ্জ এলাকার আয়েশা আক্তারের ছেলে মিজান মিয়া (৫ মাস), সদর উপজেলার পঞ্চপুর এলাকার লিজু বেগমের ছেলে জিহাদ বাবু (২ বছর), দেবীরডাঙ্গা কাঞ্চনজঙ্ঘা এলাকার রাইয়ান (১ বছর), বাবলি আক্তারের মেয়ে আব্দুল জোবায়ের (২ বছর), শিশু মাইশা (৩ বছর) ও সম্রাট ইসলাম (২ বছর)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই শিশুদের জ্বর, কাশি, ডায়রিয়া এবং শরীরে ফুসকুড়ি হয়। তাই, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।
শিশু জোবায়েরের মা বাবলি বেগম জানিয়েছেন, তার সন্তান জ্বর, পাতলা পায়খানা ও কাশিতে ভুগছিল। পরবর্তীতে শরীরে র্যাশ দেখা দিলে হাসপাতালে নিয়ে আসেন।
চিকিৎসকরা প্রাথমিকভাবে এগুলোকে হামের উপসর্গ হিসেবে সন্দেহ করছেন। নিশ্চিত হওয়ার জন্য শিশুদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
ডা. দেবাশীষ সরকার জানিয়েছেন, আক্রান্ত শিশুদের আইসোলেশন বিভাগে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষার ফল পাওয়ার পর নিশ্চিতভাবে বলা যাবে, তারা হামে আক্রান্ত কি না।
একই ধরনের উপসর্গ নিয়ে একাধিক শিশু হাসপাতালে ভর্তি হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
ঢাকা/সিথুন/রফিক
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী