পাম্পে গাড়ির দীর্ঘ সারি কি মন্ত্রী দেখতে পাচ্ছেন না, সংসদে হাসনাতের প্রশ্ন
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
জ্বালানি তেলের জন্য দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এমন পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি জানতে চান, “এ সংকট কি সরকার দেখছে না, নাকি ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হচ্ছে।”
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, “দেশের বিভিন্ন এলাকায় ধীরে ধীরে পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে।”
বিশেষ করে সিলেটে পাম্প বন্ধ থাকার তথ্য উল্লেখ করে তিনি বলেন, “তেলের জন্য সড়কে দীর্ঘ সারিতে অপেক্ষা করেও অনেকেই সেবা পাচ্ছেন না।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছে না, অথচ সরকার বিষয়টি এড়িয়ে যাচ্ছে। মন্ত্রীর কাছ থেকে সমস্যার স্বীকারোক্তি তো দূরের কথা, বাস্তব পরিস্থিতির প্রতিফলনও দেখা যাচ্ছে না।”
তিনি আররো বলেন, “পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, সড়কে গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে, সেবা ব্যাহত হচ্ছে এসব কি মন্ত্রীর নজরে আসছে না? সরকার কবে নাগাদ এ সমস্যার কার্যকর সমাধান দেবে, সেটিই এখন বড় প্রশ্ন।”
জবাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, “দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতি নেই। প্রতিটি পাম্পে নিয়মিত বরাদ্দ অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে।”
তবে তিনি স্বীকার করেন, “সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এই চাপ তৈরি হয়েছে।”
মন্ত্রী বলেন, “আগে একটি পাম্পে যে পরিমাণ তেল দেওয়া হতো, তা বিক্রি হতে এক থেকে দেড় দিন লাগত। এখন বাড়তি চাহিদার কারণে দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, ফলে লাইনের সৃষ্টি হচ্ছে।”
গ্যাস সংকটের বিষয়ে মন্ত্রী বলেন, “দেশের অনেক গ্যাস সঞ্চালন লাইন পুরোনো হয়ে গেছে এবং গ্যাস উত্তোলন কমে যাওয়ায় লাইনে চাপ কমে গেছে। ফলে কোথাও কোথাও গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে।”
এ সমস্যা সমাধানে একটি প্রকল্প নেওয়া হয়েছে, তবে তা বাস্তবায়নে সময় লাগবে বলে জানান।
ঢাকা/এএএম/এসবি
আদানির সঙ্গে চুক্তি সংশোধনের বিষয়টি বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী