ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ২ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

চাঁদা দাবির ২৪ ঘণ্টার মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হলো মার্কেট

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১৭ জুন ২০২৬   আপডেট: ১৯:২৭, ১৭ জুন ২০২৬
চাঁদা দাবির ২৪ ঘণ্টার মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হলো মার্কেট

গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় চাঁদা না দেওয়ার জেরে একটি নবনির্মিত মার্কেট ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, স্থানীয় একটি প্রভাবশালী চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। সেই দাবি প্রত্যাখ্যান করার এক দিনের মধ্যেই গভীর রাতে দুর্বৃত্তরা মার্কেটটি গুঁড়িয়ে দেয়। 

স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা যায়, সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের বাসিন্দা মো. জুয়েল রানা সম্প্রতি বাঘের বাজার এলাকায় বাণিজ্যিক মার্কেট নির্মাণ করেন। গত ৯ জুন আতিকুল ইসলাম কাইয়াঁর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সেখানে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মার্কেটটি ভেঙে ফেলার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন জুয়েল রানা।

ভুক্তভোগীর ভাষ্য, হুমকির বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে নিলেও এত দ্রুত এমন ঘটনা ঘটবে কল্পনা করেননি। অভিযোগ অনুযায়ী, হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই রাতের আঁধারে একদল দুর্বৃত্ত মার্কেটটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এতে তার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন জুয়েল রানা। 

জুয়েল রানা বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে, তাদের ভয়ে আমি একা ঘটনাস্থলে যেতে পারি না। স্থানীয় অনেক মানুষও তাদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পান না।”

তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে আতিকুল ইসলাম কাইয়াঁ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “আমার কিছু বলার নেই। আপনারা যা মনে হয় লিখে দেন।”

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানার উপপরিদর্শক (অপারেশনস) নয়ন কুমার কর বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি অভিযোগে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্য কোনো অভিযোগ বা মামলা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে প্রকাশ্যে চাঁদা দাবির অভিযোগ এবং পরদিনই মার্কেট ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঢাকা/রফিক//

সর্বশেষ

পাঠকপ্রিয়