বিদ্যালয়ে ঢুকে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নোয়াখালীর সেনবাগে বিদ্যালয়ে ঢুকে দুই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দেওয়ার অভিযোগে তিন কিশোরকে থানায় সোপর্দ করা হয়েছে। একই ঘটনায় বিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই ছাত্রীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৭ জুন) সকাল সাড়ে দশটায় উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
থানায় সোপর্দ করা তিনজন এবং দুই ছাত্রী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় প্রতিবেদনে তাদের নাম অনুল্লেখ রইল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বহিরাগত তিন কিশোর বিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে। এ সময় তারা অষ্টম শ্রেণির দুই ছাত্রীকে চকলেটসহ বিভিন্ন উপহার দেয়। এ সময় বিষয়টি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের নজরে আসে। তারা তাৎক্ষণিক তিন বহিরাগত কিশোর ও দুই ছাত্রীকে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যায়। প্রধান শিক্ষক উপহারসহ ‘আই লাভ লেখা’ চিরকুট তাদের কাছ থেকে উদ্ধার করে তাদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার চান। কিন্তু তারা প্রত্যেকের দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষ তিন কিশোরকে পুলিশে সোপর্দ করে এবং দুই ছাত্রীকে বহিষ্কার করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তার হোসেন ইকবাল বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আটক করে আমার কক্ষে নিয়ে আসে। আমি উভয়ের অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করতে চেয়েছিলাম। কিন্তু তারা অভিভাবকদের নাম্বার ও ঠিকানা দিতে রাজি হয়নি। পরে বহিরাগত তিনজনকে থানায় সোপর্দ করা হয়। এছাড়া বিদ্যালয়ের শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকার অনেক শিক্ষার্থী সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এলাকার বিভিন্ন দোকানে বসে আড্ডা দেয় এবং কেউ কেউ মাদকের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়া প্রয়োজন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহিম সরকার বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের নিয়ে আসে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন, আমি বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমকে দায়িত্ব দিয়েছি বিষয়টি দেখার জন্য। তিনি গিয়ে আটককৃতদের বয়স পরীক্ষা করবেন। তারপর বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা/সুজন/
প্রথম টি–টুয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারল বাংলাদেশ