ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৭ জুন ২০২৬   আপডেট: ১৮:১৯, ১৭ জুন ২০২৬
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন

ঝিনাইদহ পৌরসভায় সর্বাধুনিক কসাইখানার নির্মাণ কাজ শেষ হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আওতায় এই মেগা প্রকল্প বাস্তবায়ন করা হয়।  

আরো পড়ুন:

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টায় কসাইখানার উদ্বোধন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান। জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

প্রকল্পের তথ্য মতে, কসাইখানা নির্মাণের লক্ষ্যে ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌর কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হয়। পরবর্তীতে ২০২৩ সালের ৬ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ক্রিস্টালটেক-এনএকে (জেভি)’ কসাইখানার নির্মাণ কাজ শুরু করে। দীর্ঘ আড়াই বছরের প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে আধুনিক এই কসাইখানা ঝিনাইদহ পৌরসভার কাছে হস্তান্তর করা হয়।

সম্পূর্ণ আধুনিক এই কসাইখানা নির্মাণে মোট ব্যয় হয়েছে ১০ কোটি ৮২ লাখ ৩১ হাজার টাকা। ৪৯ শতক জমির ওপর নির্মিত কসাইখানার মূল উৎপাদন বা পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকাজুড়ে বিস্তৃত।

ঝিনাইদহে পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, সর্বাধুনিক কসাইখানায় গরু ও ছাগল আলাদাভাবে জবাই ও প্রক্রিয়াজাতকরণের জন্য দুটি পৃথক ‘স্লটার লাইন’ রয়েছে। স্বয়ংক্রিয় এই কসাইখানায় প্রতি ঘণ্টায় ১০ থেকে ১২টি গরু এবং ২০টি ছাগল স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করা সম্ভব। 

ঢাকা/শাহরিয়ার//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়