ঢাকা     বুধবার   ১৭ জুন ২০২৬ ||  আষাঢ় ৩ ১৪৩৩ || ১ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানকে বিশ্বমানের হাসপাতাল স্থাপনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৬, ১৭ জুন ২০২৬   আপডেট: ১৭:১১, ১৭ জুন ২০২৬
ইরানকে বিশ্বমানের হাসপাতাল স্থাপনের প্রস্তাব বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বাংলাদেশে ইরান সরকারের উদ্যোগে একটি বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। একইসঙ্গে তিনি ইরান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমান সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানের নাগরিকদের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেন। তিনি যুদ্ধের ফলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করে নিহতদের মাগফিরাত কামনা করেন।

বিরোধীদলীয় নেতা যুদ্ধবিরতি কার্যকর করতে শান্তি উদ্যোগে ইরানের ভূমিকার প্রশংসা করেন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত চুক্তি দীর্ঘস্থায়ী হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ইরান ভবিষ্যতে প্রতিবেশী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বৈঠকে দুই দেশের মধ্যে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান-ঢাকা সরাসরি ফ্লাইট চালু এবং মেডিকেল ট্যুরিজম সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়।

এ সময় ইরানের রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমানের বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশ ও ইরানের বিদ্যমান সুসম্পর্কের প্রশংসা করে বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। 

সাক্ষাতে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম//

সর্বশেষ

পাঠকপ্রিয়