চট্টগ্রামে দেশের প্রথম করমুক্ত বাণিজ্য অঞ্চল করার উদ্যোগ
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
দেশে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি এলাকার কাছে ৬০০ একরজুড়ে করমুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
বুধবার (১৭ জুন) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
নাসিমুল গনি বলেন, “আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে চট্টগ্রাম বন্দর ও মাতারবাড়ি সংলগ্ন এলাকায় দুটি করমুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। মোট ৬০০ একর জমিতে এসব অঞ্চল প্রতিষ্ঠা করা হবে।”
তিনি জানান, এসব অঞ্চলে ব্যবসা-বাণিজ্য পরিচালনায় কর ও কাস্টমস-সংক্রান্ত সুবিধা থাকবে। ফলে বিদেশি বিনিয়োগকারীরা সহজে পণ্য আমদানি, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও পুনঃরপ্তানির সুযোগ পাবেন। একই সঙ্গে দেশীয় উদ্যোক্তারাও আন্তর্জাতিক বাণিজ্যে আরো প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) স্থাপনের জন্য স্পেশাল পারপাস কোম্পানি বাংলাদেশের সঙ্গে ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট এবং ল্যান্ড লিজ অ্যাগ্রিমেন্ট অনুমোদন ও স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, “সিইআইজেড বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। বহুমুখী পণ্যের ক্রয়-বিক্রয় বৃদ্ধি পাবে এবং শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের পরিধি সম্প্রসারিত হবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ বৃদ্ধিরও সুযোগ তৈরি হবে।”
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড. নাসিমুল গনি জানান, কৃষি খাতে চাহিদা মেটাতে রাশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এবং সৌদি আরব থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “হরমুজ প্রণালিতে চলমান অস্থিরতার কারণে এলএনজি আমদানিতে জটিলতা সৃষ্টি হয়েছে। ফলে স্পট মার্কেট থেকে বিভিন্ন প্রক্রিয়ায় এলএনজি সংগ্রহ করতে হচ্ছে।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “নানা চ্যালেঞ্জের মধ্যেও বর্তমান সরকার দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসকদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অতীতের মতো তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হন।”
ঢাকা/এএএম/এসবি
হামে আরো ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৬